ডিসেম্বর থেকে দুই অ্যাপ সরিয়ে নিচ্ছে স্যামসাং

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ডিসেম্বর থেকে দুই অ্যাপ সরিয়ে নিচ্ছে স্যামসাং
স্যামসাংয়ের লোগো

স্যামসাংয়ের গ্যালাক্সি স্টোর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তিনির্ভর দুটি অ্যাপ ‘কুইক মেজার’ ও ‘এআর ডুডল’। আগামী ৩১ ডিসেম্বরের পর অ্যাপ দুটি নতুন করে ডাউনলোডের সুযোগ থাকবে না। একই সঙ্গে বন্ধ হয়ে যাবে অ্যাপগুলোর নিয়মিত আপডেট সুবিধা। তবে ভবিষ্যতে আরও উন্নত সংস্করণ নিয়ে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

‘কুইক মেজার’ অ্যাপের সাহায্যে স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে বিভিন্ন বস্তুর দৈর্ঘ্য, দূরত্ব ও আয়তন পরিমাপ করা যায়। অন্যদিকে, ‘এআর ডুডল’ দিয়ে ছবি ও ভিডিওর ওপর ভার্চুয়াল নকশা আঁকার পাশাপাশি ত্রিমাত্রিক বিভিন্ন ইফেক্ট যুক্ত করা সম্ভব।

গ্যালাক্সি স্টোরে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে স্যামসাং জানিয়েছে, ৩১ ডিসেম্বরের পর থেকে অ্যাপ দুটি আর ডাউনলোড করা যাবে না। পাশাপাশি বন্ধ থাকবে বিদ্যমান সংস্করণের আপডেট সুবিধাও। তবে নির্ধারিত সময়ের আগে যেসব ব্যবহারকারী অ্যাপ দুটি ইনস্টল করবেন, তারা পরবর্তী সময়ে সেগুলো ব্যবহারের সুযোগ পাবেন। যদিও কিছু ফিচার প্রত্যাশামতো কাজ নাও করতে পারে।

স্যামসাং জানিয়েছে, নতুন অপারেটিং সিস্টেমের সঙ্গে মানিয়ে নিতে অ্যাপ দুটির আর কোনো হালনাগাদ প্রকাশ করা হবে না। বিশেষ করে ২০২৭ সালে ডিভাইসের অপারেটিং সিস্টেম আপডেট করা হলে অ্যাপ দুটির কিছু সুবিধা অকার্যকর হয়ে পড়তে পারে।

এ সিদ্ধান্তের জন্য ব্যবহারকারীদের কাছে দুঃখ প্রকাশ করেছে স্যামসাং। তবে নতুন সংস্করণ প্রকাশের সম্ভাব্য সময় কিংবা অ্যাপ দুটির প্রযুক্তি অন্য কোনো সেবার সঙ্গে যুক্ত করা হবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

এদিকে, যারা এখনো ‘কুইক মেজার’ ও ‘এআর ডুডল’ ব্যবহার করেন, তাদের ৩১ ডিসেম্বরের আগেই গ্যালাক্সি স্টোর থেকে ডিভাইসের উপযোগী অ্যাপ দুটি ইনস্টল করে নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

/এসবি/