শিরোনাম

মেক্সিকোতে সহিংসতা: বিশ্বকাপ নিয়ে ফিফার বার্তা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
মেক্সিকোতে সহিংসতা: বিশ্বকাপ নিয়ে ফিফার বার্তা
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর মাত্র তিন মাস আগে আয়োজক দেশ মেক্সিকোর মাদক সম্রাট হত্যাকে কেন্দ্র করে ২০ রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত

মেক্সিকোতে মাদকচক্রের শীর্ষ নেতার হত্যা ঘটার পর দেশটিতে সহিংসতা ছড়িয়েছে। তবে এতে উদ্বেগ থাকলেও ২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে আশ্বস্ত করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মেক্সিকো বিশ্বকাপের খেলা আয়োজনের ক্ষেত্রে তিনি ‘খুবই আশ্বস্ত’। মাদকচক্রের নেতার হত্যার পর সৃষ্ট সহিংসতার পর তিনি প্রথমবার এমন মন্তব্য করলেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কলম্বিয়ার বাররানকিয়া শহরে তিনি বলেন, ‘আমি খুবই আশাবাদী, সবকিছু ভালো আছে। এটি দারুণ এক আসর হতে যাচ্ছে।’

দুই দিন আগে সেনাবাহিনীর হাতে মেক্সিকোর মাদক চক্রের নেতা নেমেসিও ওসেগুয়েরা কারভান্টেস ওরফে ‘এল মেনচো’ নিহত হয়। এরপর কার্টেল চক্রের সদস্যরা তাণ্ডব চালায়, যার প্রভাব পড়ে মেক্সিকো বিশ্বকাপের স্বাগতিক শহর গুয়াডালাজারাতে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপে মেক্সিকো তিনটি আয়োজক দেশের মধ্যে একটি, বাকি দুটি হলো যুক্তরাষ্ট্র ও কানাডা।

শক্তিশালী জালিসকো নিউ জেনারেশন কার্টেলের (সিজেএনজি) নেতা নিহত হওয়ার পর সারা দেশ, বিশেষ করে গুয়াডালাজারা সহিংসতায় কেঁপে ওঠে। শহরের কাছে একটি খামারে তাকে ধরার অভিযানে এবং পরবর্তী সংঘর্ষে অন্তত ৭৪ জন নিহত হন।

কার্টেলের বন্দুকধারীরা দেশটির ৩২টি অঙ্গরাজ্যের মধ্যে ২০টিতে সড়ক অবরোধ করে যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়। বিশ্বকাপ শুরুর চার মাসেরও কম সময় আগে এই অরাজকতা ও সহিংসতার ছবি বিশ্বজুড়ে প্রচারিত হয়। তবে এ নিয়ে সোমবার ফিফা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল।

তবে মঙ্গলবার ইনফান্তিনো কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের এক অনুষ্ঠানে এএফপির সঙ্গে কথা বলেন। এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম বিশ্বকাপ দর্শকদের জন্য ‘কোনো ঝুঁকি নেই’ বলে আশ্বস্ত করেন এবং তাদের নিরাপত্তায় পূর্ণ নিশ্চয়তা দেওয়ার কথা জানান।

জালিস্কো অঙ্গরাজ্যের রাজধানী গুয়াডালাজারা বিশ্বকাপের গ্রুপ পর্বে চারটি ম্যাচ আয়োজন করবে, যার মধ্যে রয়েছে প্রথম রাউন্ডের সবচেয়ে প্রতীক্ষিত উরুগুয়ে বনাম স্পেনের ম্যাচ। এছাড়া গুয়াডালাজারা এবং মন্টেরি যৌথভাবে মার্চের শেষে অনুষ্ঠিত প্লে-অফ রাউন্ডের আয়োজক হবে, যা থেকে বিশ্বকাপে শেষ দুই দলের যোগ্যতা নির্ধারিত হবে।

সূত্র: এএফপি

/জেএইচ/