শিরোনাম

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও বিশ্বকাপ প্লেঅফ খেলতে যাবে ইরাক

সিটিজেন স্পোর্টস ডেস্ক
মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও বিশ্বকাপ প্লেঅফ খেলতে যাবে ইরাক
ইরাক ফুটবল দল। ছবি: সংগৃহীত

গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালায় ইরানে। এরপর ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাটিঘুলোতে। ফলে মধ্যপ্রাচ্যে বিরাজ করছে যুদ্ধ পরিস্থিতি। এই যুদ্ধের কারণে ম্যাচ স্থগিতের দাবি উঠলেও ২০২৬ বিশ্বকাপের প্লে-অফ খেলতে মেক্সিকো যাচ্ছে ইরাকের জাতীয় ফুটবল দল। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল সংস্থা।

ইরাক ফুটবল সংস্থার সভাপতি আদনান দিরজাল এক বিবৃতিতে জানিয়েছেন, সপ্তাহের শেষ দিকে একটি বিশেষ বিমানে করে মেক্সিকোর উদ্দেশে রওনা দেবে জাতীয় দল।

দিরজাল জানান, বিদেশি ক্লাবগুলোতে খেলা পেশাদার ফুটবলারদের জাতীয় দলে যোগ দিতে সুবিধা করে দিতেও সংশ্লিষ্ট ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

প্লে-অফ ম্যাচটি আগামী ৩১ মার্চ মেক্সিকোর মনতেরে শহরে অনুষ্ঠিত হওয়ার কথা।

এদিকে ইরান ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আগেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রে ইরান ফুটবল দলের ‘জীবন ও নিরাপত্তা’ ঝুঁকিতে পড়তে পারে। যদিও আন্তর্জাতিক ফুটবল সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, প্রতিযোগিতায় ইরানকে স্বাগত জানানো হবে।

সংঘাতের কারণে ভ্রমণ-সংক্রান্ত জটিলতায় ইরাকের ম্যাচটি পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন দলের প্রধান কোচ গ্রাহাম আর্নল্ড। তবে এবার দেশটির ফুটবল সভাপতি নিশ্চিত করলেন ইরাক বিশ্বকাপের প্লে-অফ খেলতে যাবে।

উল্লেখ্য, আন্তঃমহাদেশীয় প্লে-অফের বাধা পেরিয়ে দুটি দল বিশ্বকাপে উঠবে। এর মধ্যে দ্বিতীয় জায়গাটির জন্য সেমিফাইনালে মুখোমুখি হবে বলিভিয়া ও সুরিনাম। তাদের মধ্যে জয়ীর বিপক্ষে আগামী ৩১ মার্চ খেলবে ইরাক।

/টিই/