বিশ্বকাপে চমকের পর শিরোপা জিতলেন ভোজিনিয়া

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে চমকের পর শিরোপা জিতলেন ভোজিনিয়া
লিগ শিরোপা হাতে ভোজিনিয়া

২০২৬ বিশ্বকাপে তাক লাগিয়ে দেওয়া কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়া বছরটি স্মরণীয় করে রাখলেন শিরোপা জিতে। চিলির ক্লাব কোলো-কোলোর জার্সিতে ট্রফি জিতেছেন তিনি।

ঘরোয়া লিগে ২৭তম রাউন্ডে নুবলেন্সে ২-১ গোলের নাটকীয় জয় পায় কোলো-কোলো। ক্লাবটির হয়ে সব মিলিয়ে ষষ্ঠ ম্যাচ খেলতে নেমে ৪০ বছর বয়সী এই গোলকিপার গুরুত্বপূর্ণ সেভে দলের জয়ে অবদান রাখেন।

৯৭তম মিনিটে চমৎকার এক সেভে দলকে তিন পয়েন্ট এনে দেন ভোজিনিয়া। তিন ম্যাচ হাতে রেখে ৬১ পয়েন্ট কোলো-কোলোর। দ্বিতীয় স্থানে থাকা ইউনিভাসিদাদ দে চিলির ৫১ পয়েন্ট। বাকি তিন ম্যাচ জিতলেও তারা কোলো-কোলোকে ছুঁতে পারবে না।

শেষ বাঁশি বাজার পর ট্রফি হাতে নিয়ে ভোজিনিয়া বলেন, ‘আমার জীবন ও ক্যারিয়ারজুড়ে আমার যে অভিজ্ঞতা অর্জন করেছি, তারই চূড়ান্ত পরিণতি এটি।’

বিশ্বকাপে বীরত্ব দেখানোর পর ভোজিনিয়া কোলো-কোলোর সঙ্গে আগামী ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের চুক্তি করেন। অবশ্য স্বয়ংক্রিয়ভাবে এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর পথ খোলা রাখা হয়েছে। ফলে ২০২৭ সালের শেষ পর্যন্ত সান্তিয়াগোর ক্লাবে থাকার সুযোগ আছে তার সামনে।

/টিই/