শিরোনাম

ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার
ব্রাজিলের ফুটবলার নেইমার। ছবি: সংগৃহীত

বিখ্যাত হলুদ জার্সিতে নেইমারকে শেষ দেখা গেছে আড়াই বছর আগে। এরপর শুধু সম্ভাবনাই জেগেছে, বাস্তবে আর জাতীয় দলে তার ফেরা সম্ভব হয়নি। তবে যতটা না পারফরম্যান্স তার চেয়ে বেশি ইনজুরির কারণেই ফেরা হয়নি নেইমারের।

বিশ্বকাপের আগে আবার এই ফরোয়ার্ডের ব্রাজিল দলে ফেরার সম্ভাবনা জেগেছে। দেশটির জনপ্রিয় পত্রিকা গ্লোবোর খবর, আসছে দুটি প্রীতি ম্যাচের প্রাথমিক দলে নেইমারকে রেখেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

আগামী জুন-জুলাইয়ে বিশ্বকাপ সামনে রেখে, শেষ ধাপের প্রস্তুতিপর্বে আগামী ২৭ মার্চ ফ্রান্সের বিপক্ষে এবং এর চার দিন পর ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। দুটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে।

এই দুই ম্যাচের জন্য নেইমারকে প্রাথমিক দলে রেখেছেন কোচ এবং যেসব খেলোয়াড় এই তালিকায় আছেন, তাদের বিষয়ে তাদের ক্লাবের কাছেও তথ্য পাঠানো হয়েছে। তবে নেইমারের তালিকায় জায়গা পাওয়ার বিষয়ে তার দল সান্তোসকে জানানো মানেই তার চূড়ান্ত দলে থাকা নিশ্চিত নয়।

আগামী সোমবার চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। ২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর চোটে পড়েছিলেন নেইমার। সেই থেকে বারবার চোটে পড়েছেন তিনি, জাতীয় দলে পারেননি আর ফিরতে।

আনচেলত্তি অবশ্য বারবার বলেছেন, পূর্ণ ফিটনেস না পেলে কোনো খেলোয়াড়কে দলে রাখবেন না তিনি।

পরবর্তী ম্যাচে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে মিরাসোলোর বিপক্ষে মাঠে নামবে সান্তোস। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন আনচেলত্তি ও তার কো-অর্ডিনেটর রদ্রিগো কায়েতানো।

/টিই/