শিরোনাম

‘বিশ্বকাপ কঠিন হবে, মেসির জন্য সবকিছুই করবো’

সিটিজেন স্পোর্টস ডেস্ক
‘বিশ্বকাপ কঠিন হবে, মেসির জন্য সবকিছুই করবো’
লিওনেল স্কালোনি ও লিওনেল মেসি। কোলাজ: সিটিজেন জার্নাল

বিশ্বকাপের আগে নিজেদের ঘরে শেষ দুটি ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা। সম্ভবত লিওনেল মেসিও নিজ দেশের মাটিতে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। ম্যাচ পরবর্তী সময়ে আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি মেসির ভূয়সী প্রশংসা করে বলেছেন, আসছে বিশ্বকাপে খেলবেন মেসি।

মেসি এখনো নিশ্চিত করেননি তিনি আসছে ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা।

বুয়েইস আয়ার্সে লিওনেল স্কালোনি জানান, ‘সে (মেসি) এক হাজার গোলে পৌঁছতে পারে। আমাদেরকে দেখতে হবে, সে কতদিন খেলা চালিয়ে যায়।’

৩১ মার্চ (গেল মঙ্গলবার) জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার বড় জয়ে একটি গোল করেছেন মেসি। দেশের জার্সিতে এটি তার ১১৬তম গোল। সব মিলিয়ে তার ক্যারিয়ার গোল এখন ৯০২টি। তবে ভক্তদের মনে এর চেয়ে বেশি কৌতূহল মেসির বিশ্বকাপে খেলা নিয়ে। বিশ্বকাপ শুরু হতে বাকি আর দুই মাসের একটু বেশি।

স্কালোনি বলেন, ‘লিও যদি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেয়, আমাদের জন্য তা হবে সম্মানের। আমরা সবাই চাই, সে যেন বিশ্বকাপ উপভোগ করে এবং তাকে স্বাচ্ছন্দ্য এনে দিতে আমরা সম্ভাব্য সবকিছুই করবো। তার চাওয়াও আমাদের মতোই। শেষ পর্যন্ত আমরা দেখবো সে কোন সিদ্ধান্ত নেয় এবং তার পাশেই থাকবো আমরা।’

এবারের বিশ্বকাপে খেলবে ৪৮ দল। গ্রুপ পর্বের পর হবে রাউন্ড অব ৩২, যা নকআউট। এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। শিরোপা ধরে রাখা যে কঠিন হবে তা ভালোই জানা আছে স্কালোনির। ‘বিশ্বকাপে যা অপেক্ষা করছে, তা অবিশ্বাস্যরকম কঠিন হবে। আমাদের ফুটবলারদের প্রস্তুত থাকবে হবে। কিংবদন্তি কিছু ফুটবলারের শূন্যস্থান পূরণ করা খুব কঠিন, যারা বিশ্বকাপ এবং কোপা আমেরিকায় আমাদের জন্য অনেক কিছু দিয়েছেন।’

ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত হয়েছে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-খ্যাত ফিফা বিশ্বকাপ।

/টিই/