শিরোনাম

বৃষ্টিতে রিকশায় গুনতে হচ্ছে বাড়তি ভাড়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বৃষ্টিতে রিকশায় গুনতে হচ্ছে বাড়তি ভাড়া
বৃষ্টিতে রিকশা গুনতে হচ্ছে বাড়তি ভাড়া (2)

সপ্তাহের প্রথম কর্মদিবসের ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে রাজধানীবাসীর জীবনযাত্রা। রাজধানীর বিভিন্ন সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ মোড়ে হাঁটু সমান পানি জমে যাওয়ায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম দুর্ভোগের মুখে। জলাবদ্ধ সড়ক এড়িয়ে চলার অজুহাতে অনেক এলাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন রিকশাচালকেরা। এমন পরিস্থিতিতে নগরবাসীকে ভোগান্তির সঙ্গে সামলাতে হচ্ছে বাড়তি খরচের চাপও।

রবিবার (১২ জুলাই) দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকালের বৃষ্টির মধ্যেই অনেককে ভিজে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে। কারও হাতে ছাতা থাকলেও সেটি খুব বেশি স্বস্তি দিতে পারেনি।কর্মস্থলে পৌঁছানোর আগেই অনেকের পোশাক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের গতিও ছিল ধীর। গণপরিবহনের সংকটকে কেন্দ্র করে কিছু রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাচালক অতিরিক্ত ভাড়া দাবি করছেন। এতে দুর্ভোগ আরও বেড়েছে সাধারণ মানুষের।

বেসরকারি চাকরিজীবী মো. তৌহিদুল ইসলাম বলেন, বাসা থেকে বের হয়েই দেখি পুরো রাস্তা পানির নিচে। ছাতা নিয়েও কোনো লাভ হয়নি। হাঁটতে গিয়ে জুতা আর প্যান্ট পুরো ভিজে গেছে। অফিসে দেরি হওয়ার ভয়ে বাধ্য হয়েই বেশি ভাড়া দিয়ে রিকশায় উঠেছি। সাধারণ মানুষের এই অসহায়ত্বের সুযোগ নেওয়া ঠিক নয়।

বৃষ্টিতে রিকশা গুনতে হচ্ছে বাড়তি ভাড়া (1)

মতিঝিলে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন রায়হান তালুকদার। বলেন, বৃষ্টিতে ভেজার চেয়ে বেশি সমস্যা হচ্ছে জমে থাকা পানি। কোথায় গর্ত বা খোলা ম্যানহোল আছে বোঝা যাচ্ছে না। রিকশায় যে যাবো তারও উপায় নেই। ১০০-১৫০ মিটারের দূরত্বে ৪০-৫০ টাকা ভাড়া দাবি করছেন রিকশাচালকরা।

প্রায় এক যুগ ধরে রাজধানীতে রিকশা চালিয়ে জীবিকে নির্বাহ করছেন ময়মনসিংহের গফগাঁয়ের আব্দুল রহমান। তিনি বলেন, বৃষ্টিতে ভিজে সকাল থেকে রিকশা চালাচ্ছি। বৃষ্টিতে ভিজে গাড়ি চালানো অনেক কষ্টের কাজ। তাছাড়া বৃষ্টির দিনে সবাই গাড়ি বের করে না। বৃষ্টির কারণে রাস্তার খানাখন্দের মধ্যে অনেক পানি জমে তাই সাবধানে গাড়ি চালাতে হয়। আর বৃষ্টিতে ভিজে গাড়ি চালালে ঠান্ডা জ্বর হয়। তাই শুধু বৃষ্টির দিনে বাড়তি ভাড়া নিচ্ছি। অন্য দিনে আগের ভাড়া নিচ্ছি।

প্রতি বর্ষা মৌসুমেই রাজধানীর বিভিন্ন এলাকায় এমন জলাবদ্ধতার চিত্র দেখা গেলেও দীর্ঘমেয়াদি সমাধান এখনো মিলছে না বলে অভিযোগ নগরবাসীর।

/এসবি/