শিরোনাম

হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ঘাটে ফিরল ফেরি

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ঘাটে ফিরল ফেরি
নেতাকর্মীদের নিয়ে ফেরিতে উঠছেন হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়ায় নির্ধারিত গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করা একটি ফেরি মাঝনদী থেকে ঘুরিয়ে এনে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটে এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফেরি মহানন্দা–এর মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম।

জানা গেছে, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশে রওনা দেয় ফেরি মহানন্দা। প্রায় ২৩ মিনিট চলার পর স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ ঢাকা থেকে গাড়িযোগে চেয়ারম্যান ঘাটে পৌঁছান। এরপর মেঘনা নদীর মাঝপথ থেকে ফেরিটি ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে ফিরিয়ে আনা হয়।

ঘাটে পৌঁছানোর পর আব্দুল হান্নান মাসউদ তার নেতাকর্মীদের নিয়ে ফেরিতে ওঠেন। পরে ফেরিটি পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে।

চেয়ারম্যান ঘাটের ইজারাদারের প্রতিনিধি জহির জানান, শুরুতে ফেরির মাস্টার তাকে জানিয়েছিলেন যে নির্ধারিত সময়ে ফেরি ছেড়ে যাবে না। পরে আবার বিকাল সাড়ে ৩টায় ফেরি ছাড়ার কথা জানানো হয়। কিন্তু যাত্রা শুরুর প্রায় ২৩ মিনিট পর ফেরিটি আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

তার দাবি, হাতিয়া রুটে ফেরি চলাচলের ইতিহাসে কোনো যাত্রীর জন্য, এমনকি কোনো জনপ্রতিনিধির জন্যও মাঝপথ থেকে ফেরি ফিরিয়ে আনার ঘটনা আগে ঘটেনি।

ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলেন, চেয়ারম্যান ঘাট ছাড়ার প্রায় ১০ মিনিট পর এমপিকে বহনের জন্য ফেরিটি ফিরে আসে। তিনি জানান, ভিআইপি যাত্রীদের ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম অনুসরণ করতে হয়।

ফেরির মাস্টার নুরুল আমীন বলেন, ফেরি ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ারের কাছ থেকে তিনি জানতে পারেন যে চেয়ারম্যান ঘাটে স্থানীয় সংসদ সদস্য এসে পৌঁছেছেন এবং তাকে নিতে ফেরি ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুসারেই ফেরিটি ঘাটে ফিরে গিয়ে এমপিকে নিয়ে আবার নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে।

/এমআর/