শিরোনাম

ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের সেমিতে শীর্ষ চার দল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের সেমিতে শীর্ষ চার দল

বিশ্বকাপ ফুটবলের দীর্ঘ ইতিহাসে এক অভূতপূর্ব নজির গড়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার পরাশক্তি। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা শেষ দল হিসেবে টিকিট কাটতেই পূর্ণতা পায় অনন্য এই রেকর্ড। এর আগে বিশ্বমঞ্চের কোনো আসরেই র‍্যাঙ্কিংয়ের প্রথম চারটি দল একসঙ্গে শেষ চারে জায়গা করে নিতে পারেনি, যা চলতি বিশ্বকাপকে রূপ দিয়েছে এক নতুন উপাখ্যানে।

১১ জুন প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী, সেমিফাইনালে ওঠা দলগুলোর মধ্যে শীর্ষে থাকা আর্জেন্টিনা ছাড়াও বাকি তিন দল নিজেদের শক্তি প্রমাণ করেই শেষ চারে এসেছে। দ্বিতীয় স্থানে থাকা স্পেন কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে এবং তৃতীয় স্থানে থাকা ফ্রান্স মরক্কোকে ২-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। অন্যদিকে, নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চারের চতুর্থ দল হিসেবে জায়গা করে নেয় টেবিলের চারে থাকা ইংল্যান্ড।

বিশ্বকাপের এ ঐতিহাসিক সমীকরণের পেছনে বড় ভূমিকা রেখেছে প্রতিযোগিতার নতুন কাঠামো ও ড্র বিন্যাস। টুর্নামেন্ট শুরুর আগেই শীর্ষ চার দলকে ড্রয়ের চারটি পৃথক অংশে রাখায়, গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালের আগে তাদের মুখোমুখি হওয়ার কোনো সুযোগ ছিল না। চার দলই যার যার গ্রুপে নিজেদের সেরা প্রমাণ করায় শেষ পর্যন্ত বিশ্বমঞ্চে সেরা চার দলের লড়াই দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। এ বিশেষ বিন্যাসের কারণে আর্জেন্টিনা-স্পেন এবং ইংল্যান্ড-ফ্রান্স নকআউটের বিপরীত অংশে থাকায় ফাইনালের আগে তাদের পরস্পরের মুখোমুখি হওয়ার সম্ভাবনা এড়ানো সম্ভব হয়েছে।

১৯৯৪ সালে ফিফা বিশ্ব র‍্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে প্রায় প্রতিটি আসরেই শীর্ষ দলগুলোর গ্রুপ পর্ব বা নকআউট থেকে অকালে বিদায় নেওয়ার ট্র্যাডিশন দেখা গেছে। এর আগে ২০০২ সালে ফ্রান্স, ২০১০ সালে ইতালি, ২০১৪ সালে স্পেন, ২০১৮ সালে জার্মানি এবং ২০২২ সালে বেলজিয়ামের মতো শীর্ষ দলগুলো গ্রুপ পর্বেই হোঁচট খেয়ে বিদায় নিয়েছিল। ১৯৯৮ সালের পর থেকে চলা সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার রচিত হলো নতুন ইতিহাস। মাঠের এই জমজমাট লড়াইয়ে মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন, আর বুধবার (১৫ জুলাই) ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

/এমএকে/