শিরোনাম

ভারী বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ভারী বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা
ভারী বৃষ্টিতে মতিঝিলের সড়কে জলাবদ্ধতা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

সপ্তাহের প্রথম কর্মদিবসের ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা। শনিবার (১২ জুলাই) গভীর রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অনেক সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ মোড়ে হাঁটু সমান পানি জমে যাওয়ায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম দুর্ভোগের মুখে।

রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে সাতটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে থাকতে দেখা গেছে।

সরজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকালের বৃষ্টির মধ্যেই অনেককে ভিজে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে। কারও হাতে ছাতা থাকলেও সেটি খুব বেশি স্বস্তি দিতে পারেনি।কর্মস্থলে পৌঁছানোর আগেই অনেকের পোশাক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের গতিও ছিল ধীর। রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা গেছে।

ভারী বৃষ্টিতে শান্তিনগর মোড়ে জলাবদ্ধতা
ভারী বৃষ্টিতে শান্তিনগর মোড়ে জলাবদ্ধতা

মিরপুরের বাসিন্দা বেসরকারি চাকরিজীবী মো. তৌকির হোসেন বলেন, বাসা থেকে বের হয়েই দেখি পুরো রাস্তা পানির নিচে। ছাতা নিয়েও কোনো লাভ হয়নি। হাঁটতে গিয়ে জুতা আর প্যান্ট পুরো ভিজে গেছে।

বাড্ডার বাসিন্দা রেশমি আক্তার বলেন, বৃষ্টিতে ভেজার চেয়ে বেশি সমস্যা হচ্ছে জমে থাকা পানি। কোথায় গর্ত বা খোলা ম্যানহোল আছে বোঝা যাচ্ছে না। তাই খুব সতর্ক হয়ে চলতে হচ্ছে।

প্রতি বর্ষা মৌসুমেই রাজধানীর বিভিন্ন এলাকায় এমন জলাবদ্ধতার চিত্র দেখা গেলেও দীর্ঘমেয়াদি সমাধান এখনো মিলছে না বলে অভিযোগ নগরবাসীর।

তাদের মতে, অল্প সময়ের ভারী বর্ষণেই গুরুত্বপূর্ণ সড়ক ডুবে যাওয়ায় নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। দ্রুত পানি অপসারণের পাশাপাশি কার্যকর ও টেকসই ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

রবিবার (১২ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

/এসবি/