শিরোনাম

ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে অবস্থান বদলালেন ট্রাম্প

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে অবস্থান বদলালেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। ছবি: সংগৃহীত

‘বিশ্বকাপে ইরান জাতীয় দলকে স্বাগত জানাবেন ট্রাম্প’, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর এমন দাবি ২৪ ঘন্টা পেরোনোর আগেই ‘ভুল’ প্রমাণিত হলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বাস, বর্তমান পরিস্থিতিতে ইরান দলের ‘নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য’ যুক্তরাষ্ট্রে আসা ঠিক হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রথ-এ পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগতম। তবে আমি সত্যিই বিশ্বাস করি না যে, তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য এখানে আসা ঠিক হবে।’

গত ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে ইরানে অতর্কিত হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ উচ্চপদস্থ অনেক কর্মকর্তা প্রাণ হারান।সেই থেকে ইসরায়েলসহ আশেপাশে দেশগুলোয় অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।

এর আগে ফিফা প্রেসিডেন্ট বলেছিলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে এই টুর্নামেন্টে (বিশ্বকাপে) অবশ্যই ইরান দলের অংশগ্রহণের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।’ ইনফান্তিনোর ওই পোস্ট নিয়ে আলোচনা শুরুর পরই রাষ্ট্রীয় টেলিভিশনে বিশ্বকাপে ‘না খেলার’ কথা বলেন ইরানের ক্রীড়ামন্ত্রী।

আগামী ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর কথা তাদের। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিশর।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে হবে ৪৮ দলের আসছে বিশ্বকাপ।

/টিই/