শিরোনাম

মোজতবা খামেনি ‘গুরুতর আহত’, দাবি ট্রাম্পের

সিটিজেন ডেস্ক
মোজতবা খামেনি ‘গুরুতর আহত’, দাবি ট্রাম্পের
আয়াতুল্লাহ মোজতবা খামেনি ও ডোনাল্ড ট্রাম্প। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার ধারণা ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জীবিত আছেন, তবে তিনি ‘গুরুতর আহত’। ফক্স নিউজের ‘দ্য ব্রায়ান কিলমিড শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

সাক্ষাৎকারটি গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে প্রকাশ করা হয়। এতে ট্রাম্প বলেন, আমার মনে হয়, তিনি সম্ভবত (জীবিত) আছেন। আমার ধারণা, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে কোনো না কোনোভাবে সম্ভবত বেঁচে আছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর প্রথম দিনই মোজতবার বাবা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

গত রবিবার (৮ মার্চ) ইরানের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। এরপর থেকে ইরানিরা তাকে আর প্রকাশ্যে দেখেননি। গত বৃহস্পতিবার টেলিভিশনে একজন উপস্থাপক তার দেওয়া প্রথম বক্তব্যটি পড়ে শোনান।

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মোজতবাকে ‘রণাঙ্গনে আহত’ হিসেবে বর্ণনা করেছিল।

গত বুধবার এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, নতুন সর্বোচ্চ নেতা সামান্য আঘাত পেয়েছেন, তবে তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন।

মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ রাখার অঙ্গীকার করেন। একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার আহ্বান জানান। অন্যথায় সেসব ঘাঁটিতে ইরান হামলা চালাবে বলে হুঁশিয়ারি দেন।

সূত্র: রয়টার্স

/এফসি/