শিরোনাম

আর্জেন্টিনার হারে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনার হারে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

অতিরিক্ত সময়ে গোল হজম করে স্পেনের কাছে বিশ্বকাপের শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। সেই সঙ্গে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে স্প্যানিশরা। তবে মাঠের পরাজয়ের চেয়েও বড় ধাক্কা হয়ে আসে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলন, যেখানে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।

সংবাদ সম্মেলনে জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি স্কালোনি। প্রবল আবেগে আপ্লুত হয়ে তিনি দ্রুত সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন। যাওয়ার আগে স্কালোনি জানান, চুক্তির মেয়াদ অনুযায়ী ডিসেম্বরা পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন পাশাপাশি তাকে সুযোগ দেওয়ার জন্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা জানান এ মাস্টারমাইন্ড। তবে মেয়াদ শেষে দলের দায়িত্বে থাকবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নেওয়া যৌক্তিক বলে মনে করেন তিনি।

জাতীয় দলের কোচিংকে জীবনের সেরা অভিজ্ঞতা আখ্যা দিয়ে স্কালোনি বলেন, এ যেন এক স্বপ্নের মতো কাজ। এই খেলোয়াড়দের নিয়ে এমন একটি চমৎকার দল গড়ে তোলা সম্ভব হয়েছে, যা হয়তো ভবিষ্যতে আর কখনোই তৈরি হবে না। সেই অনুভূতির কারণেই তার হৃদয়ে গভীর বেদনা সৃষ্টি হচ্ছে। এই কথাগুলো বলার পরই কান্নায় ভেঙে পড়েন তিনি। তার এমন আবেগঘন বিদায়ে উপস্থিত সাংবাদিক ও কর্মকর্তারা করতালির মাধ্যমে তাকে সম্মান জানান।

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে অন্যতম সফল এ কোচের ভবিষ্যৎ নিয়ে হঠাৎ এমন অনিশ্চয়তা ভক্তদের মনে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত তার পদে থাকা নিশ্চিত হলেও, এরপর কী হবে তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। বিশ্বমঞ্চে হারের ক্ষত এবং লিওনেল মেসির সম্ভাব্য অবসরের গুঞ্জনের মধ্যে স্কালোনির বিদায় আর্জেন্টাইন ফুটবলের জন্য বড় বিপর্যয় নিয়ে আসতে পারে।

এক দশক আগে মেটলাইফ স্টেডিয়ামে চিলির কাছে কোপা আমেরিকার ফাইনালে হেরে গিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। ঠিক দশ বছর পর আবারও একই ধরনের হৃদয়বিদারক হার দেখতে হলো সমর্থকদের। ফাইনালের পর মেসি এখনো গণমাধ্যমের সামনে আসেননি। ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন- তবে কি আর্জেন্টাইন ফুটবলে সত্যিই একটি যুগের অবসান হতে চলেছে?

/এমএকে/