রিয়ালের সঙ্গে কোর্তোয়ার নতুন চুক্তি

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
রিয়ালের সঙ্গে কোর্তোয়ার নতুন চুক্তি
থিবো কোর্তোয়া

রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করেছেন থিবো কোর্তোয়া। ২০২৮ সালের জুন পর্যন্ত রিয়াল তার সঙ্গে নতুন চুক্তি করেছে। এই চুক্তির ফলে ৩৪ বছর বয়সী এ ফুটবলার আগামী মৌসুমের শেষ পর্যন্ত থাকছেন ক্লাবটিতে।

দলবদলের খবরের জন্য বিশ্বে সুপরিচিত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, গত সেপ্টেম্বরে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে মৌখিক সম্মতির পর এই সপ্তাহে চুক্তিতে সই করেছেন বেলজিয়ান গোলকিপার।

এখনও ক্লাব আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে প্রথম পছন্দের গোলকিপারকে নিশ্চিত করতে পারা মাদ্রিদের ড্রেসিংরুমের জন্য স্বস্তির।

২০১৮ সালের আগস্টে চেলসি থেকে সাড়ে ৩ কোটি পাউন্ডে মাদ্রিদে যোগ দেন বলে গণমাধ্যমে জানানো হয়েছিল। রিয়ালের জার্সিতে তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি জিতেছেন তিনি। এর মধ্যে লিভারপুলের বিপক্ষে ২০২২ ইউরোপিয়ান ফাইনালে রেকর্ড ৯টি সেভে নিজেকে অন্য উচ্চতায় নিয়েছেন কোর্তোয়া।

২০২৩ সালের আগস্টে এসিএল ইনজুরিতে পড়েন কোর্তোয়া। ২০২৪ সালের মার্চে হাঁটুর মেনিসকাস ছিঁড়ে যায়। কাছাকাছি সময়ে দুটি চোট কাটিয়ে মাঠে ফেরার পর লা লিগায় ১৫০ ম্যাচ জিতেছেন এবং তিনটি গোল বানিয়ে দিয়ে গোলকিপার হিসেবে শীর্ষ অ্যাসিস্টের আসনে বসেছেন।

/টিই/