নেশনস লিগের শেষ আটে মুখোমুখি স্পেন-ফ্রান্স

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
নেশনস লিগের শেষ আটে মুখোমুখি স্পেন-ফ্রান্স
নেশন্স লিগে মুখোমুখি হতে যাচ্ছেন লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পে

উয়েফা নেশনস লিগের কোয়ার্টার-ফাইনাল অর্থাৎ শেষ আটে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স। শেষ আটে ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে। শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনাল ও সেমিফাইনালের ড্র।

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল স্পেন। পরে শিরোপাও জেতে তারা।

গত বছর নেশনস লিগের সেমিফাইনালেও ফ্রান্সের মুখোমুখি হয়েছিল স্পেন। তখন ৫-৪ গোলের রোমাঞ্চকর জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল স্পেন।

গ্রুপ এ৩-তে দ্বিতীয় হওয়ায় প্রথম লেগে নিজেদের মাঠে খেলার সুযোগ পাচ্ছে স্পেন। অন্যদিকে গ্রুপ এ১-এর শীর্ষে থেকে কোয়ার্টার-ফাইনালে উঠেছে ফ্রান্স।

গ্রুপ এ৩-তে গোল ব্যবধানে স্পেনকে পেছনে ফেলে শীর্ষস্থান নিশ্চিত করেছিল ইংল্যান্ড। ফলে দুই লেগের লড়াইয়ে প্রথম ম্যাচটি হবে নরওয়ের মাঠে।

চলতি বছরে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালেও নরওয়ের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। জয় পেয়েছিল ইংলিশরা।

অন্য দুই কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস-পর্তুগাল ও বেলজিয়াম-জার্মানি।

আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ২৫ থেকে ৩০ মার্চ অনুষ্ঠিত হবে কোয়ার্টার-ফাইনালের দুই লেগ। শেষ আটের বিজয়ী চার দল খেলবে জুনে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে। ৯ থেকে ১৩ জুন হবে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল।

সেমি-ফাইনালের ড্র অনুযায়ী, স্পেন-ফ্রান্স লড়াইয়ের বিজয়ী দল খেলবে নেদারল্যান্ডস-পর্তুগাল ম্যাচের বিজয়ীর বিপক্ষে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে বেলজিয়াম-জার্মানি এবং নরওয়ে-ইংল্যান্ড ম্যাচের জয়ী দুই দল।

/টিই/