মেসির কারণে মাঠে অনেক ভুগতে হয়েছে: মদ্রিচ

Multiple Authors
সিজেডএন ডেস্ক ও সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসির কারণে মাঠে অনেক ভুগতে হয়েছে: মদ্রিচ
লিওনেল মেসি ও লুকা মদ্রিচ

আন্তর্জাতিক ফুটবলের মঞ্চ থেকে লিওনেল মেসির বিদায়ে আবেগ ধরে রাখতে পারেননি লুকা মদ্রিচ। দীর্ঘদিনের মাঠের প্রতিদ্বন্দ্বী হলেও আর্জেন্টিনার এ মহাতারকার বিদায়বেলায় তার অসাধারণ প্রতিভার প্রশংসা করেছেন ক্রোয়েশিয়ার কিংবদন্তি। একই সঙ্গে মেসির বিপক্ষে খেলতে গিয়ে মাঠের কঠিন অভিজ্ঞতার দিনগুলোর কথাও স্মরণ করেছেন তিনি।

জাতীয় দলের পোশাক ছাড়াও ক্লাব ফুটবলে দীর্ঘদিন মুখোমুখি হয়েছেন এ দুই তারকা। স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দ্বৈরথে নিয়মিতই টক্কর হয়েছে তাদের। সব মিলিয়ে মুখোমুখি হওয়া ২৭টি ম্যাচে মদ্রিচের জয় ১০টিতে, ড্র হয়েছে ৫টি ম্যাচ, আর মেসির দল শেষ হাসি হেসেছে ১২ বার।

বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছেন ৩৯ বছর বয়সী মেসি। ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করে জয়ের মূল নায়ক ছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এ ফরোয়ার্ড। স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা এসইআর-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির অবসর নিয়ে কথা বলেন মদ্রিচ।

মদ্রিচ জানান, মেসির বিদায়ে অবশ্যই খারাপ লাগছে। তবে এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সেটিকে সম্মান করা উচিত। একই সঙ্গে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়ে মেসির অনবদ্য অবদানের কথাও স্মরণ করেন ক্রোয়েশিয়ান এ মিডফিল্ডার।

তার মতে, মেসি বিশ্বের সেরা ফুটবলারদের একজন এবং তার (মেসি) মতো ঈশ্বরপ্রদত্ত প্রতিভাবান খেলোয়াড় ফুটবলে খুব কমই আসে। নিজের খেলোয়াড়ি জীবনে মেসির খেলা উপভোগ করার সুযোগ পাওয়াকে সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেন তিনি।

তবে প্রশংসার পাশাপাশি পুরোনো লড়াইয়ের কথা ভোলেননি মদ্রিচ। তিনি বলেন, ক্রোয়েশিয়া কিংবা রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে মেসির কাছে অনেক ভুগতে হয়েছে। তবে মাঠের বৈরিতা পেরিয়ে শেষ পর্যন্ত আর্জেন্টাইন অধিনায়কের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের এ বর্ষীয়ান মিডফিল্ডার।

/এমএকে/