থানায় হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত ৭ পুলিশ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
থানায় হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত ৭ পুলিশ
বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে ছিনিয়ে নিতে আখাউড়া থানায় হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা এনসিপির নেতাকর্মী ও আসামির স্বজনদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।

রবিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সাবেক আওয়ামী লীগ নেতা। বর্তমানে আখাউড়া উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ছায়েব আলীকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে তার সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালান। পরে উপজেলা এনসিপির নেতাকর্মী ও আসামির পরিবারের সদস্যরা থানায় গিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এতে অন্তত সাত পুলিশ সদস্য আহত হন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, থানার একটি বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় তার লোকজন পুলিশের ওপর হামলা চালায়। পরে থানায় ঢুকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তিতে সাত পুলিশ সদস্য আহত হন।

ওসি আরও জানান, গ্রেপ্তার ছায়েব আলীকে রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/এমআর/