১০ মিনিটের ঝড়ে ভিয়ারিয়ালকে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
১০ মিনিটের ঝড়ে ভিয়ারিয়ালকে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা
গোলে শুট করছেন লামিনে ইয়ামাল

শুরুতেই দুই গোল খেয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল বার্সেলোনা, ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় তখন কাঁপছিল কাতালান শিবির। প্রথমার্ধে পেনাল্টি মিস আর একের পর এক সহজ সুযোগ হাতছাড়া করায় হতাশা বেড়েছিল আরও। কিন্তু ড্রেসিংরুম থেকে ফিরে যেন বদলে গেল হান্সি ফ্লিকের দল। স্পটিফাই ন্যু ক্যাম্পে ভিয়ারিয়ালের বিপক্ষে মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল তুলে নিয়ে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিয়েছে বার্সা, আর তাতেই ফিরে পেয়েছে লা লিগার শীর্ষস্থান।

খেলার শুরুটা বার্সেলোনার জন্য ছিল রীতিমতো দুঃস্বপ্নের মতো। ম্যাচের প্রথম সাত মিনিটেই দুই গোল হজম করে কাতালানরা। প্রথমে জাল কাঁপান তাজন বুকানন, এরপর তানি ওলুওয়াসেইয়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করে অতিথিরা। লা লিগার ইতিহাসে ১৯৮১ সালের নভেম্বরের পর এ প্রথম কোনো ম্যাচের প্রথম সাত মিনিটেই দুই গোল খেল বার্সেলোনা।

২৩ মিনিটে অবশ্য ঘুরে দাঁড়ানোর দারুণ একটা সুযোগ এসেছিল স্বাগতিকদের সামনে। বক্সের ভেতর লামিনে ইয়ামালকে ফাউল করেন ওলুওয়াসেই, আর ভিএআর যাচাই করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পটকিক থেকে লক্ষ্যভ্রষ্ট হন ইয়ামাল। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে কাছ থেকে হেড করেও বল জালে জড়াতে পারেননি জেরার্ড মার্টিন।

তবে বিরতির পর বদলে যাওয়া এক বার্সেলোনাকে দেখা যায় মাঠে। আক্রমণের গতি বাড়িয়ে ৬১ মিনিটে পেদ্রির ক্রস থেকে দুর্দান্ত হেডে ব্যবধান কমান জেরার্ড মার্টিন, প্রথমার্ধের ব্যর্থতা ঝেড়ে ফেলে নিজের ভুল পুষিয়ে দেন এ ডিফেন্ডার। এর পরপরই ইয়ামালের পাস থেকে বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে সমতায় ফেরান ফেরমিন লোপেজ।

সমতায় ফেরার পর যেন আরও ক্ষুরধার হয়ে ওঠে বার্সেলোনার আক্রমণ। ৬৭ মিনিটে এরিক গার্সিয়ার ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন ভিয়ারিয়ালের ডিফেন্ডার পাউ নাভারো। তাতেই ম্যাচে প্রথমবার লিড পায় স্বাগতিকরা। মাত্র ১০ মিনিটের ঝড়ে তিন গোল আদায় করে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের মুঠোয় নিয়ে নেয় ফ্লিকের শিষ্যরা।

নাভারোর দিনের খারাপ সময় অবশ্য এখানেই থামেনি। যোগ করা সময়ে বার্সা অধিনায়ক রাফিনহাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি, ফলে ১০ জনের দলে পরিণত হয়ে ম্যাচ শেষ করতে হয় ভিয়ারিয়ালকে। এই জয়ের মধ্য দিয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগায় নিজেদের দাপট আরও পোক্ত করল বার্সেলোনা। কোচ ইনিগো পেরেজের অধীনে বার্সার বিপক্ষে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি ভিয়ারিয়াল। যার মধ্যে পাঁচটি হার আর একটি ড্র।

সব মিলিয়ে এ জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে আবারও লা লিগার পয়েন্ট টেবিলের চূড়ায় উঠে এল বার্সেলোনা।

/এমএকে/