চীনে রোনালদোর ২৩ ফুটের ভাস্কর্য উন্মোচন

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
চীনে রোনালদোর ২৩ ফুটের ভাস্কর্য উন্মোচন
ক্রিশ্চিয়ানো রোনালদো (বাঁয়ে) ও ভাস্কর্য (ডানে)

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পরপরই চীনের সাংহাইয়ে ভক্তদের মাঝে রীতিমতো আলোড়ন তুলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার (২১ নভেম্বর) সাংহাই শহরের প্রাণকেন্দ্রে উন্মোচন করা হয়েছে তার ৭ মিটার বা প্রায় ২৩ ফুট উচ্চতার এক বিশাল ভাস্কর্য। তার জার্সি নম্বর ‘৭’-এর সঙ্গে মিল রেখেই মূর্তিটির উচ্চতা ঠিক করা হয়েছে। ভাস্কর্য উন্মোচনের মধ্য দিয়েই চীনের মূল ভূখণ্ডে রোনালদোর প্রথম ব্যক্তিগত জাদুঘর ‘সিআর৭ মিউজিয়াম সাংহাই’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

এক জাঁকজমকপূর্ণ কাউন্টডাউন অনুষ্ঠানের মাধ্যমে ভাস্কর্যটি সবার জন্য উন্মুক্ত করা হয়। একটি গোলাকার প্ল্যাটফর্মের ওপর দাঁড়ানো মূর্তিতে রোনালদোকে তার চিরচেনা ‘সিউ’ উদযাপনের ভঙ্গিতে দেখা যাচ্ছে, যেখানে তার দুই হাত দুদিকে প্রসারিত। পর্তুগাল জাতীয় দলের লাল রঙের হোম কিটের ৭ নম্বর জার্সি, লাল শর্টস, মোজা এবং পায়ে গোলাপী রঙের বুট পরানো হয়েছে ভাস্কর্যটিকে। উজ্জ্বল নিয়ন সবুজ রঙের কাঠামোগত বিম দিয়ে ঘেরা মূর্তিটির পাদদেশে রাখা হয়েছে একটি বিশাল ফুটবল এবং পাশে রয়েছে সিআর৭ মিউজিয়াম সাংহাই লেখা ব্যানার।

৮০০ নানজিং ইস্ট রোডের সাংহাই নং ১ ডিপার্টমেন্ট স্টোর কমার্শিয়াল সেন্টারের সি বিল্ডিংয়ের ৩য় তলায় এই প্রদর্শনী কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। বিশাল মূর্তিটি ছাড়াও জাদুঘরটিতে ১০টি আলাদা থিমভিত্তিক জোন রাখা হয়েছে। সেখানে রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারের ৫০টিরও বেশি স্মৃতিচিহ্ন, ব্যবহৃত জার্সি, ট্রফি এবং ব্যক্তিগত অর্জনের নানা নিদর্শন প্রদর্শিত হচ্ছে। এর আগে হংকংয়ে সিআর৭ লাইফ মিউজিয়াম চালু হলেও চীনের মূল ভূখণ্ডে এটিই তার প্রথম কোনো অফিশিয়াল প্রদর্শনী কেন্দ্র। ভক্তরা সিটিআরআইপি, দামাই এবং মাওইয়ানের মতো জনপ্রিয় চীনা অনলাইন প্ল্যাটফর্ম থেকে এর টিকিট সংগ্রহ করতে পারছেন।

জাতীয় দলের জার্সি তুলে রাখলেও ৪১ বছর বয়সে এসেও ক্লাব ফুটবলে দারুণ ছন্দে আছেন রোনালদো। পুরোপুরি ফিট থেকে বর্তমানে তিনি সৌদি ক্লাব আল-নাসর এফসির হয়ে মাঠ মাতাচ্ছেন। যদিও গত ২০ নভেম্বর সৌদি প্রো লিগে আল-আহলির বিপক্ষে তার দল ৩-১ গোলে হেরে গেছে। ওই ম্যাচের ১৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন তিনি, তবে পরবর্তীতে একটি পেনাল্টি মিস করায় দলকে হারের মুখ থেকে বাঁচাতে পারেননি।

চলতি মৌসুমে আল-নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা এখন ১০টি- যার মধ্যে সৌদি প্রো লিগের ১১ ম্যাচে ৯টি এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ২ ম্যাচে ১টি গোল রয়েছে। আল-আহলির বিপক্ষে করা গোলটি তাকে ক্যারিয়ারের ৯৮৬তম গোলে পৌঁছে দিয়েছে। অর্থাৎ, ফুটবল ইতিহাসের অবিশ্বাস্য হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে রোনালদোর প্রয়োজন আর মাত্র ১৪টি গোল। মঙ্গলবার (২৪ নভেম্বর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ম্যাচে আল সাদ্দ এসসির বিপক্ষে মাঠে নামবে রোনালদোর আল-নাসর।

/এমএকে/