পাজের খেলায় মেসি-ম্যারাডোনার ঝলক দেখছেন ভেরন

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
পাজের খেলায় মেসি-ম্যারাডোনার ঝলক দেখছেন ভেরন
লিওনেল মেসি ও নিকো পাজ। ফাইল ছবি

লিওনেল মেসির অবসরের পর থেকে একটি আলোচনা ঘুরপাক খাচ্ছে, আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটি কে পড়বেন। এই তালিকায় যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তিনি হলেন নিকো পাজ। দেশটির সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের মধ্যে নিকো পাজকে নিয়ে আশাবাদী সাবেক মিডফিল্ডার হুয়ান সেবাস্তিয়ান ভেরন।

কোমোর এই ২২ বছর বয়সী প্লেমেকারের মধ্যে লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার ছায়া দেখছেন তিনি। একই বয়সে পাজের মতো কিছু গুণ শুধু এই দুই কিংবদন্তির মধ্যেই দেখেছেন বলে মন্তব্য করেছেন সাবেক এই ফুটবলার।

ইতালিয়ান সংবাদমাধ্যম ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ত’কে দেওয়া সাক্ষাৎকারে নিকো পাজ বলেন, ‘২২ বছর বয়সে কিছু কিছু কাজ করতে আমি শুধু মেসি ও ডিয়েগো আরমান্দো ম্যারাডোনাকেই দেখেছি।’

তবে পাজকে এখনই মেসি বা ম্যারাডোনার পর্যায়ে বসাতে চান না সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির এই মিডফিল্ডার।

ভেরনের ভাষায়, ‘সে যদি এখনকার মতো পেশাদার আচরণ বজায় রাখতে পারে, তাহলে ভবিষ্যৎ তারই।’

পাজের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বও মুগ্ধ করেছে ভেরনকে। পাজের খেলার গতি বোঝার ক্ষমতারও প্রশংসা করেছেন ভেরন। কখন আক্রমণের গতি বাড়াতে হবে, কখন খেলা ধীর করতে হবে বা আক্রমণের শেষ ভাগে কীভাবে দায়িত্ব নিতে হবে, তা পাজ ভালোভাবেই বোঝেন।

আর্জেন্টিনার উঠতি ফুটবলারদের নিয়ে অতিরিক্ত প্রত্যাশা তৈরি না করার পরামর্শও দিয়েছেন ভেরন। তার মতে, তরুণদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে।

আর্জেন্টিনার আরেক তরুণ ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে নিয়েও কথা বলেছেন ভেরন। ফিওরেন্তিনার এই খেলোয়াড়ের কারিগরি দক্ষতা, গতি ও ড্রিবলিংয়ের প্রশংসা করে ভেরন বলেন, ‘তার (মাস্তানতুয়োনো) অসাধারণ কিছু গুণ আছে। সহজেই ড্রিবলিং করতে পারে, দ্রুতগতির এবং বল নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। তবে নিকো পাজের তুলনায় সে এখনো কিছুটা কম পরিণত। কারণ তার জন্ম ২০০৭ সালে, পাজের চেয়ে সে তিন বছরের ছোট।’

/টিই/