শিরোনাম

ইয়ামাল ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য: বার্সা সহ-সভাপতি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইয়ামাল ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য: বার্সা সহ-সভাপতি
বার্সেলোনার সহ-সভাপতি রাফা ইউস্তে। (ইনসেটে) লামিনে ইয়ামাল

লামিনে ইয়ামালের হাতেই ব্যালন ডি’অর দেখতে চান বার্সেলোনার সহ-সভাপতি রাফা ইউস্তে। তার মতে, মর্যাদাপূর্ণ পুরস্কারটি ইয়ামালের প্রাপ্য। সম্প্রতি ব্যালন ডি’অরের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় আছেন ইয়ামাল। সেরা তরুণ ফুটবলারের তালিকাতেও আছে তার নাম।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র প্রতিবেদন অনুযায়ী, লেভান্তের বিপক্ষে বার্সেলোনার ম্যাচের আগে দুই ক্লাবের পরিচালনা পর্ষদের এক যৌথ মধ্যাহ্নভোজে অংশ নেন ইউস্তে। সেখানে বার্সা সভাপতি লাপোর্তার পাশে বসেই ইয়ামালের ভবিষ্যৎ এবং ব্যালন ডি’অর নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন ইউস্তে।

ইউস্তে বলেন, ‘আমি ইয়ামালকে বর্তমানে দুর্দান্ত ফর্মে দেখছি এবং সে ব্যালন ডি’অর পাওয়ার পুরোপুরি যোগ্য। সে এমন একজন তরুণ যে বিশ্বজুড়ে শিশুদের মনে আশা জাগায় এবং তাদের আনন্দ দেয়। এই বয়সে তার যে অসাধারণ ফুটবলীয় মেধা, তা সত্যিই অবিশ্বাস্য।’

তিনি আরও যোগ করেন, ‘এই কারণেই আমি আশা করি কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নেবে এবং তাকে প্রাপ্য ব্যালন ডি’অরটি প্রদান করবে। কারণ সে বিশ্বজুড়ে অগণিত ছেলে-মেয়ের মুখে হাসি ফোটাচ্ছে।’

/টিই/