শিরোনাম

২০১৪’র সেই ম্যাচে গোল করা অস্কারের অবসর

সিটিজেন স্পোর্টস ডেস্ক
২০১৪’র সেই ম্যাচে গোল করা অস্কারের অবসর
ব্রাজিলিয়ান ফুটবলার অস্কার। ছবি: সংগৃহীত

২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল। সেই ম্যাচে ব্রাজিলের একমাত্র গোলটি করেছিলেন অস্কার। ফুটবল ক্যারিয়ারে দেশের হয়ে ৪৮ ম্যাচ খেলে অস্কার করেছেন ১২ গোল। তবে এই ব্রাজিলিয়ান তারকাকে অনেকে মনে রেখেছেন সেই গোলটির জন্যই।

হৃদরোগজনিত (কার্ডিয়াক) জটিলতায় গতবছরের নভেম্বরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার ডস সান্তোস। তখন থেকেই তার ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে আলোচনা শুরু হয়।

মাত্র ৩৪ বছর বয়সেই তিনি ফুটবল থেকে অবসর নিচ্ছেন বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো।

যদিও ক্লাবটির সঙ্গে ২০২৭ সালের শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল অস্কারের। চলতি সপ্তাহেই তিনি সেই চুক্তির ইতি টানবেন।

নভেম্বরে সাও পাওলো ক্লাবের বাররা ফুন্ডা ট্রেনিং সেন্টারে এক্সারসাইজ বাইকে ফিটনেস পরীক্ষার সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এর আগে ২০২৪ সালের শেষদিকে ফ্রি এজেন্ট হিসেবে চীন অধ্যায় শেষে শৈশবের ক্লাব সাও পাওলোতে ফেরেন অস্কার।

ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে তিনি শনিবার (৪ এপ্রিল) জানিয়েছেন, ‘সাও পাওলোর জন্য আমি আরও বেশি কিছু করতে এবং আরও বেশি খেলতে চেয়েছিলাম। ধারণা ছিল আমার সেই সক্ষমতা আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এই পরিস্থিতিতে পড়ি। এখন আমি অবসরে যাচ্ছি এবং সাও পাওলোকে একজন ভক্ত হিসেবে সমর্থন করে যাব।’

ক্লাব ফুটবলে অস্কার উপভোগ্য সময় কাটিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসিতে। ২০১২ সালে সেখানে যোগ দেওয়ার পর তিনি একটি ইউরোপা লিগ এবং দু’বার প্রিমিয়ার লিগ টাইটেল জেতেন।

সম্ভাবনা নিয়ে ব্রাজিল জাতীয় দলে এলেও ২০১৫ সালের পর অস্কারকে আর সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জার্সিতে দেখা যায়নি।

/টিই/