শিরোনাম

গুনে গুনে ‘ঘুষ নেওয়ার’ ভিডিও ভাইরাল, সেই ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
গুনে গুনে ‘ঘুষ নেওয়ার’ ভিডিও ভাইরাল, সেই ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত
অভিযুক্ত ভূমি কর্মকর্তা ইমরান শেখ। ছবি: ভিডিও থেকে নেওয়া

ফরিদপুরের বোয়ালমারীর সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখের গুনে গুনে সেবা গ্রহীতার কাছ থেকে টাকা (ঘুষ) গ্রহণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে জেলা প্রশাসন।

সোমবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান।

এর আগে, গতকাল রবিবার দুপুরে টাকা নেওয়ার ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। পরে রাতেই ওই ভূমি কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন জেলা প্রশাসক।

তবে ওই ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা জানা সম্ভব হয়নি। স্থানীয় কয়েকজন জানিয়েছেন ভিডিওটি বছরখানেক আগে ধারণ করা হয়ে থাকতে পারে।

ভাইরাল হওয়া ৫৮ সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিওতে দেখা যায়, ওই কর্মকর্তা গাঢ় নীল রঙের একটি ফুল হাতা শার্ট পরে চেয়ারে বসে আছেন। চোখের চশমা মাথায় বাধিয়ে রেখেছেন এবং কলম দিয়ে কিছু লেখালেখি করছেন। টেবিলের সামনে তার নাম ও পদবি সম্বলিত নেমপ্লেট রয়েছে। এসময় অপরপাশের সেবাগ্রহীতাকে তিনি বলেন, ‘মূল দলিল বিকালে দেবেন। ফটোকপি আমার কাছে দেওয়া আছে।’

এসময় ওই সেবা গ্রহীতার কাছ থেকে তিনি তার চেয়ারে বসে গুনে গুনে ১০টি পাঁচশত টাকার নোট নেন। টাকা নেওয়ার সময় তাকে বলতে শোনা যায়, ‘আপনি মূল দলিল আজকে দেন। আজকে রাত্রে আবেদন করে দেবে। এই সপ্তাহ তো শেষ হয়ে গেল। সামনে রবিবার এসিল্যান্ড আসবে। ইনশাআল্লাহ দুই সপ্তাহ ক্রস (অতিক্রম) করবে না। কারণ স্যার দ্রুত কাজ করে ‘

এসময় সেবাগ্রহীতাকে তিনি প্রশ্ন করেন, ‘স্যারের (এসিল্যান্ড) কথাবার্তা ভালো না? উনিও ৪০তম বিসিএসের। আমিও ৪০তম বিসিএসের। উনার কপাল ভালো আল্লাহ উনারে ক্যাডার বানাইছে, আর আমারে নন ক্যাডার বানাইছে।’

এরপর টাকা পকেটে রেখে তিনি অন্য আরেক সেবাগ্রহীতার সঙ্গে কথা বলা আরম্ভ করেন।

এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ভূমি কর্মকর্তা ইমরান শেখ বলেন, এটি ঘুষের টাকা নয়, এটি ধারের টাকা। অনেক মানুষ তার কাছ থেকে টাকা ধার নেয় আবার ফেরত দিয়ে যায়। সেই ধারের টাকা ফেরত নেওয়ার সময়কার ভিডিও বলে তিনি দাবি করেন। তবে তিনি ধারের টাকা ফেরত দেওয়া ব্যক্তির নাম পরিচয় জানাতে রাজি হননি।

এদিকে, এই ভিডিও ভাইরালের পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

রবিবার জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, ‘সহকারী কমিশনার (ভূমি), বোয়ালমারী, ফরিদপুর-এর সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) (ঘ) অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির দায়ে একই বিধিমালার ১২ (১) ধারা মোতাবেক উক্ত কর্মচারীকে ২৬ জুলাই তারিখ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’

আদেশে আরও বলা হয়, ‘বিধি মোতাবেক তিনি সাময়িক বরখাস্তকালীন সময়ে খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন।’

ইউএনও এস এম রকিবুল হাসান বলেন, ‘ভিডিও ভাইরালের পর প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ায় ইতোমধ্যে ওই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা আরও খোঁজ নিচ্ছি। তদন্ত শেষে বিধি-মোতাবেক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এফআর/