শিরোনাম

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করছে সিরিয়া

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করছে সিরিয়া
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছেন, ইসরাইলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে তার দেশ। কয়েকটি দেশের অংশগ্রহণে তেলআবিবের সঙ্গে নিরাপত্তা চুক্তিতে পৌঁছানোর জন্য দামেস্ক সক্রিয়ভাবে কাজ করছে বলে জানান তিনি।

আল জাজিরার ‘আল মুকাবালা’ অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আল-শারা আশা প্রকাশ করেন, ইসরায়েলের সঙ্গে এই চুক্তিটি একটি পূর্ণাঙ্গ শান্তির প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে।

তবে এ ধরনের কোনো চুক্তি ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমির ওপর সিরিয়ার অধিকার ক্ষুণ্ন করবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। ১৯৭৩ সাল থেকে সিরিয়ার এই ভূখণ্ড অবৈধভাবে দখল করে রেখেছে ইসরায়েল।

সিরিয়া ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের সংঘাত এড়িয়ে চলছে জানিয়ে শারা বলেন, দুই দেশের মধ্যে একটি নিরাপত্তা সমঝোতা সংকট নিরসনে সামগ্রিক সমাধানের পথ তৈরি করতে পারে।

২০২৪ সালের ডিসেম্বরে বাসার আল-আসাদের সরকারকে ক্ষমতাচ্যুত করে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আহমেদ আল-শারা। এর পর থেকে দক্ষিণ সিরিয়ায় নিয়মিত ইসরায়েলি অনুপ্রবেশ ও বিমান হামলার ঘটনা ঘটছে। এমন প্রেক্ষাপটে দেশটির সঙ্গে নিরাপত্তা চুক্তি কতটা কার্যকরী ফল বয়ে আনবে সেটা দেখতে এখনও অপেক্ষা করতে হবে।

এদিকে লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠি হিজবুল্লাহকে সামাল দিতে সিরিয়াকে ব্যবহারের ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শারা জানান, প্রতিবেশী দেশ লেবাননে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের ইচ্ছা সিরিয়ার নেই।

এর পরিবর্তে তার সরকার লেবাননের কর্তৃপক্ষকে দেশটির বর্তমান সংকট কাটিয়ে উঠতে সহায়তা করার উপায় নিয়ে আলোচনা করছে।

শারা সতর্ক করে বলেন, লেবাননে যে কোনো ধরনের বিশৃঙ্খলা সিরিয়ার ওপর সরাসরি এবং তাৎক্ষণিক প্রভাব ফেলবে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা আঞ্চলিক সংকটকে আরও ঘনীভূত করবে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/