মেসির বিদায়ে রোনালদিনহোর আবেগঘন বার্তা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মেসির বিদায়ে রোনালদিনহোর আবেগঘন বার্তা
রোনালদিনহো ও লিওনেল মেসি

বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। শেষ ম্যাচেও স্বভাবসুলভ জাদুকরী পারফরম্যান্স দেখিয়েছেন ৩৯ বছর বয়সী এ তারকা। আন্তর্জাতিক ফুটবলের রঙিন পথচলার সমাপ্তিতে মেসিকে উদ্দেশ্যে করে এক আবেগঘন বার্তা দিয়েছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালদিনহো।

ম্যাচে নিজে এক গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। আর এর মধ্য দিয়েই ২০৮টি ম্যাচ, ১২৬টি গোল ও ৭০টি অ্যাসিস্টের অনন্য কীর্তি গড়ে দেশের হয়ে ক্যারিয়ার শেষ করলেন তিনি।

বার্সেলোনায় মেসির পেশাদার ক্যারিয়ারের একদম শুরুর দিনগুলোতে রোনালদিনহো ছিলেন তার কাছের মানুষ ও মাঠের অন্যতম প্রধান অনুপ্রেরণা। পুরোনো সেই মধুর স্মৃতি মনে করিয়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলীয় এ তারকা জানান, মেসির মতো মহাতারকার উত্থানের শুরু থেকেই পাশে থাকতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তায় রোনালদিনহো বলেন, ‘প্রথম দিন থেকেই তোমার এ গল্পের অংশ হতে পারা আমার জন্য কতটা আনন্দের ও গর্বের- তা বলে বোঝানো কঠিন, ভাই। তুমি আমাদের অনেক হাসি ও ফুটবলকে উপভোগের সুযোগ করে দিয়েছ। তোমার নাম শুধু তোমার দেশের ইতিহাসেই নয়, পুরো বিশ্বের ইতিহাসেও চিরস্থায়ী হয়ে থাকবে।’

আর্জেন্টিনার হয়ে বিশ্বজয়ের স্বপ্ন পূরণ, দেশের প্রতিনিধিত্ব করা এবং দীর্ঘ পথচলায় ফুটবলকে দেওয়া মেসির অনবদ্য অবদানের কথাও স্মরণ করেন রোনালদিনহো। সেই সঙ্গে মাঠের ব্যস্ততা কাটিয়ে এখন পরিবারকে সময় দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, সেটিকেও স্বাগত জানান তিনি। একই সঙ্গে মেসির জীবনের নতুন অধ্যায় উপভোগ করার জন্য শুভকামনাও জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলের মাঠে কিন্তু এখনই মেসির পথচলা থামছে না। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। মায়ামি কর্তৃপক্ষও ইতোমধ্যেই নিশ্চিত করেছে, দেশের হয়ে বিদায় নিলেও মেসির ফুটবল ক্যারিয়ারের ‘শেষ বাঁশি’ এখনো বাজেনি।

/এমএকে/