কৃষক দল নেতা হত্যার ঘটনায় নিক্সন চৌধুরীসহ ৯৬ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
কৃষক দল নেতা হত্যার ঘটনায় নিক্সন চৌধুরীসহ ৯৬ জনের নামে মামলা
বাঁয়ে: কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা; ডানে: মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৪০) হত্যার ঘটনায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে প্রধান আসামি করে ৯৬ জনের নামে মামলা করা হয়েছে।

মামলাটি দায়ের করেন নিহত কৃষক দল নেতার স্ত্রী রিয়া বেগম। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ভাঙ্গা থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

এ মামলার এক নম্বর আসামি করা হয়েছে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে। এ ছাড়া নিক্সনের আরও ৯৫ জন সহযোগীর নাম উল্লেখ করে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়। ওই মামলায় ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকার কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের পাঁচ দিন পর মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, এক নম্বর আসামি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের নির্দেশে ও অর্থায়নে ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করে মশাল জ্বালিয়ে ইটের খোয়া, পাথরের টুকরা, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র, যেমন সড়কি, কাতরা, রামদা, চাপাতি ও ককটেল বোমা নিয়ে রাত ৭টা ৪৫ মিনিটের দিকে আমার স্বামীকে মোটরসাইকেলসহ আটকায়। এ সময় দুই নম্বর আসামি পৌরসভার হাজরাহাটি এলাকার শাহাদাৎ খয়রাতি (৪১) ধারালো সড়কি দিয়ে কোপ দিয়ে আমার স্বামীর কোমরের ডান পাশে ফুটো করে গুরুতর জখম করে। তিন নম্বর আসামি হামিরদীর আল আমিন (৪৫), চার নম্বর আসামি শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান (৪২), ছয় নম্বর আসামি ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আশিকুজ্জামান আশিক (৩৬), ১৫ নম্বর আসামি বালা মিয়া (৪৬), ১৮ নম্বর আসামি কামাল (৪৫) ও ২১ নম্বর আসামি বেলায়েত মুন্সী (৩৮) রাজুকে বেধড়ক মারধর করে রাস্তা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে তাঁর পেটের ডান পাশ থেকে ডান পায়ের হাঁটু পর্যন্ত চামড়া ছিলে যায় এবং তিনি রক্তাক্ত জখম হন।

তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে এসআই মোহাম্মদ মিজানুর রহমান, এসআই খালিদ মাহমুদসহ আরও অনেক পুলিশ সদস্য রাত সোয়া ৮টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন। তখন আসামিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং এসআই খালিদ মাহমুদের কাছে থাকা একটি ওয়াকিটকি সেট ছিনিয়ে নিয়ে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পুলিশ নিজেদের জানমাল, জনগণের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষার্থে ১৫টি শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাত ৯টার দিকে রাজুকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

/এমআর/