বন্ধু মেসির জন্য নেইমারের আবেগী বার্তা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বন্ধু মেসির জন্য নেইমারের আবেগী বার্তা
মেসি ও নেইমার

বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আবেগঘন বার্তায় আর্জেন্টাইন মহাতারকাকে শ্রদ্ধা জানিয়েছেন তার দীর্ঘদিনের বন্ধু ও সাবেক ক্লাব সতীর্থ নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেছেন, কেবল আর্জেন্টিনা নয়, গোটা ফুটবল বিশ্ব মেসির কাছে ঋণী।

ইনস্টাগ্রামে দেওয়া ওই বার্তায় নেইমার লিখেন, ‘যারা ফুটবলকে ভালোবাসে, তারা সব সময়ই এতগুলো বছর ধরে মাঠে তোমার খেলা উপভোগ করেছে। আজ তোমার দল ও দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলতে নেমেছ। আমি আশা করি তুমি প্রতিটি মুহূর্ত উপভোগ করবে এবং আজ তোমাকে দেওয়া সমস্ত শুভেচ্ছা ও ভালোবাসা তোমার মন আনন্দিত করে তুলবে।’

মেসির সাথে বার্সেলোনা ও পিএসজিতে কাটানো সোনালী দিনগুলোর কথা স্মরণ করে ব্রাজিলিয়ান তারকা আরও যোগ করেন, ‘শুধু আর্জেন্টিনা নয়, তুমি ফুটবলের জন্য যা কিছু করেছ তার জন্য পুরো বিশ্ব তোমার কাছে কৃতজ্ঞ। আমাকে ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শেখানোর জন্য ধন্যবাদ। তোমার বিপক্ষে খেলা আমার জন্য সম্মানের ছিল এবং তোমার সাথে ইতিহাস গড়া ছিল আরও বড় এক সম্মানের বিষয়।’

২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনা এবং পরবর্তীতে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত পিএসজিতে একসঙ্গে মাঠ মাতিয়েছেন মেসি ও নেইমার।

ব্রাজিল-আর্জেন্টিনার চিরন্তন ফুটবলীয় দ্বৈরথের বাইরে গিয়ে নেইমারের এই পোস্ট ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।

/টিই/