শিরোনাম

ট্রাম্প এবার ফুটবল ‘বিশেষজ্ঞ’, বিশ্লেষণ করলেন ইংল্যান্ডের হারের কারণ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ট্রাম্প এবার ফুটবল ‘বিশেষজ্ঞ’, বিশ্লেষণ করলেন ইংল্যান্ডের হারের কারণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ইংল্যান্ডের। এরপর থেকেই দলটির কোচ টমাস টুখেলের রক্ষণাত্মক কৌশল নিয়ে চলছে তুমুল আলোচনা। এবার সেই সমালোচনায় যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, অধিনায়ক হ্যারি কেইনকে রক্ষণভাগে নামিয়ে খেলানোই ছিল ইংল্যান্ডের সবচেয়ে বড় ভুল। তবে ইংল্যান্ড কোচ এ সমালোচনাকে খুব একটা পাত্তা না দিয়ে নিজের কৌশলের পক্ষে পরিষ্কার যুক্তি দিয়েছেন।

আটলান্টায় অনুষ্ঠিত সেই সেমিফাইনাল ম্যাচে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু ব্যবধান ধরে রাখতে কোচ টুখেল অতি মাত্রায় রক্ষণাত্মক হয়ে পড়েন। তিনি প্রথমে পাঁচজন এবং পরে ছয়জন ডিফেন্ডার নিয়ে খেলতে শুরু করলে আর্জেন্টিনা ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। শেষ পর্যন্ত লিওনেল মেসির চমৎকার দুটি পাস থেকে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ গোল করে আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে জয় এনে দেন।

কেইনের বিষয়ে ট্রাম্প মন্তব্য করেন, ইংল্যান্ড তাদের সেরা খেলোয়াড়কে ডিফেন্সে নামিয়ে মস্ত বড় ভুল করেছে। তিনি কিছুটা রসিকতা করে বলেন, ফুটবল সম্পর্কে তিনি খুব বেশি না জানলেও তার মনে হয়েছে দল এগিয়ে যাওয়ার পর ইংল্যান্ডের আরও আক্রমণাত্মক হওয়া উচিত ছিল।

ফ্রান্সের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ট্রাম্পের এ মন্তব্যের কড়া জবাব দেন টমাস টুখেল। নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় ইংল্যান্ড কোচ বলেন, ম্যাচের শেষ ৩০ মিনিটে যখন প্রতিপক্ষ পুরো দলকে চেপে ধরেছিল, তখন স্ট্রাইকারসহ সবাইকে মিলেই রক্ষণ সামলাতে হয়েছে। এটি কোনো একজন খেলোয়াড়ের বিষয় ছিল না।

টুখেল আরও জানান, দলের লড়াইয়ের মানসিকতা ও পারস্পরিক বিশ্বাস নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে ম্যাচের শেষ দিকে বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে না পারা এবং অতিরিক্ত নিষ্ক্রিয় হয়ে পড়ার ঘাটতি তিনি মেনে নিয়েছেন। পাশাপাশি এখানে উন্নতির তাগিদও দিয়েছেন তিনি। সেমিফাইনালে বিদায় নিলেও টুখেলের ওপর‌ পূর্ণ আস্থা রাখছে ইংল্যান্ড। আগামী ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত এ মাস্টারমাইন্ডকে দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এখন ফ্রান্সের বিপক্ষে জয় নিয়ে বিশ্বকাপ শেষ করাই ইংল্যান্ডের মূল লক্ষ্য।

/এমএকে/