শিরোনাম

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেন কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেন কোচ
লামিনে ইয়ামাল ও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে (ইনসেটে)

বিশ্বকাপ ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় এক সুখবর পেয়েছে স্পেন শিবির। দলের আক্রমণভাগের অন্যতম ভরসা লামিনে ইয়ামাল পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে নিশ্চিত করেছেন দলটির কোচ লুইস দে লা ফুয়েন্তে।

সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের জয়ের পর ১৯ বছর বয়সী এ তারকাকে কিছুটা খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছিল। এর ফলে তিনি দলের নিয়মিত অনুশীলনেও অংশ নিতে পারেননি। কোচ দে লা ফুয়েন্তে জানান, ফ্রান্স ম্যাচে ইয়ামাল বেশ জোরে আঘাত পেয়েছিলেন। কোনো ঝুঁকি না নিয়ে বাড়তি সতর্কতার অংশ হিসেবেই তাকে বিশ্রামে রাখা হয়েছিল। তবে সে এখন সম্পূর্ণ চোটমুক্ত হয়ে সতীর্থদের সাথে স্বাভাবিক অনুশীলন করেছে এবং ফাইনালে খেলার জন্য সেরা অবস্থায় আছে।

২০১০ সালের পর এটিই স্পেনের প্রথম বিশ্বকাপ ফাইনাল। অন্যদিকে আর্জেন্টিনা ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ সালের পর তাদের চতুর্থ শিরোপার লক্ষ্যে মাঠে নামবে। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থাকা এবং মাত্র একটি গোল হজম করা স্পেন মূলত বলের নিয়ন্ত্রণ ও শক্ত রক্ষণভাগ দিয়ে প্রতিপক্ষকে কাবু করেছে। অপরদিকে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা তাদের প্রতিটি নকআউট ম্যাচেই শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করেছে। স্পেনের কোচ মনে করেন, দুই দলই নিজেদের যোগ্যতায় ফাইনালে উঠেছে এবং রোমাঞ্চকর এ ম্যাচে অন্য সবকিছুর চেয়ে সুন্দর ফুটবলই জয়ী হবে।

ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ব্যক্তিগতভাবে আটকে রাখার বা ‘ম্যান-মার্ক’ করার কোনো পরিকল্পনা নেই স্পেনের। টুর্নামেন্টে আর্জেন্টিনার করা ১৯টি গোলের মধ্যে ১২টিতেই রয়েছে মেসির সরাসরি অবদান। দে লা ফুয়েন্তে তার অতীত অভিজ্ঞতা থেকে বলেন, বার্সেলোনার বিপক্ষে একটি ম্যাচে মেসিকে আটকে রাখার জন্য একজন ডিফেন্ডারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই ডিফেন্ডার হলুদ কার্ড পাওয়ায় ৭০তম মিনিটে তাকে তুলে নেওয়া হয়। তখন স্কোর ছিল ০-০। এরপর মাত্র ১৫ মিনিটের ব্যবধানে মেসি একাই ৪টি গোল করেন।

তাই এবার নির্দিষ্ট কাউকে নয়, বরং পুরো দলকে মেসির ব্যাপারে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এ মাস্টারমাইন্ড। পাশাপাশি তরুণ ইয়ামালকে মেসির অন্ধ অনুকরণ না করে নিজের স্বাভাবিক ও সহজাত খেলাটা খেলার পরামর্শ দিয়েছেন তিনি।

/এমএকে/