শিরোনাম

‘ফার্মের মুরগি’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

নওগাঁ সংবাদদাতা
নওগাঁ সংবাদদাতা
‘ফার্মের মুরগি’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে তুলনা করার একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর দেশজুড়ে তীব্র সমালোচনা ও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে তার বক্তব্যের একটি অংশ প্রসঙ্গ থেকে বিচ্ছিন্নভাবে প্রচার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘নেগেটিভ ন্যারেটিভ’ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১৮ জুলাই)‘নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমার মেয়ে তানজিলার মাথায় একটু বৃষ্টির পানি পড়লেই ফার্মের মুরগির মতো জ্বর আসে। এই ন্যারেটিভকে তারা নেগেটিভলি নিয়ে গেছে। কিছু মানুষ বিষয়গুলো ভুলভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। তবে এসব সমালোচনা বা ট্রল সরকারের দায়িত্ব পালনে বাধা হতে পারবে না।

তিনি বলেন, বৃষ্টির মধ্যে পরীক্ষা হওয়ার বিষয়টি আমি জানি। শিক্ষার্থীদের নিয়ে আমি খুব চিন্তিত। পরীক্ষা নেওয়ার বিষয়ে তো সবার সঙ্গে কথা বলতে হয়। সবাই বলেছে, পরীক্ষা নেওয়া যাবে, তাই নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এ ধরনের একটা নারেটিভকে নেগেটিভভাবে নিয়েছে। এইভাবে যদি একটি অর্থ অন্যরকম হয়ে যায়, তাহলে তো আমাদের ভবিষ্যৎ ভালো হবে না।

এহছানুল হক মিলন বলেন, আমাকে নিয়ে যারা ট্রল করতে শুরু করল, তাদের কেউ পরীক্ষার্থী না। আমি রাজধানীর আইডিয়াল কলেজ, ল্যাবরেটরি স্কুল কিংবা ভিকারুননিসার কাউকে আন্দোলন করতে দেখিনি। এইভাবে আন্দোলন করে মিসগাইড করে একটা অরাজকতা সৃষ্টি করা হয়েছিল।

/এসবি/