শিরোনাম

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি

দীর্ঘ দুই যুগের অবসান ঘটিয়ে ফুটবল বিশ্বকাপের মেগা মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে মাঠ ও মাঠের বাইরের দুই চিরবৈরী পরাশক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বুধবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টার ঐতিহ্যবাহী মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ হাইভোল্টেজ ম্যাচটি। ইতোমধ্যেই ম্যাচটি ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে।

দুই দেশের ঐতিহাসিক রাজনৈতিক সংঘাত ও ফুটবলীয় বৈরিতার কারণে ম্যাচটিকে কেন্দ্র করে পুরো আটলান্টা শহরজুড়ে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে স্থানীয় পুলিশ বিভাগ। বিশেষ করে ১৯৮২ সালের রক্তক্ষয়ী ফকল্যান্ড যুদ্ধ এবং ১৯৮৬ সালের বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার সেই ঐতিহাসিক ‘হ্যান্ড অব গড’ ও ‘শতাব্দীর সেরা গোল’ দুই দেশের ফুটবল দ্বৈরথকে চিরকালই এক বারুদঠাসা আবেগে রূপ দিয়েছে, যার রেশ কাটেনি আজও।

৭৫ হাজার দর্শক ধারণক্ষমতার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামের এই ম্যাচটিকে ঘিরে আটলান্টা পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ফিফার টিকিট বণ্টন নীতি। সাধারণ ক্যাটাগরির টিকিটের কারণে দুই দেশের হাজার হাজার সমর্থক গ্যালারিতে একে অপরের পাশাপাশি বসার সুযোগ পাচ্ছেন। দুই দেশের সমর্থকদের জন্য কোনো সুনির্দিষ্ট পৃথকীকরণ না থাকায় এবং গ্যালারিতে সমান ৫০-৫০ উপস্থিতির সম্ভাবনায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দাঙ্গা বা অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো আটলান্টা শহর ও স্টেডিয়াম এলাকা অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে।

এদিকে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারানোর পর ড্রেসিংরুমে আর্জেন্টিনার খেলোয়াড়দের ফকল্যান্ড যুদ্ধ নিয়ে গান গাওয়ার একটি ঘটনা আলোড়ন সৃষ্টি করলেও, আর্জেন্টিনা ক্যাম্প এখন কেবল ফুটবলেই মনোযোগ দিতে চায়। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে মাঠের বাইরের হাইপ ও রাজনৈতিক বিতর্ক উসকে দিতে নিষেধ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি শান্ত ভাষায় জানান, তার বার্তা খুবই পরিষ্কার—এটি স্রেফ একটি ফুটবল ম্যাচ, এর বেশি কিছু নয়। তারা চমৎকার একজন কোচের অধীনে থাকা ভীষণ কঠিন এক প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছেন। তবে দিনশেষে ভাবনায় কেবল মাঠের লড়াইটুকুই থাকবে। একই সুর শোনা গেছে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলের কণ্ঠেও। তিনি বলেন, এ ম্যাচটি ম্যারাডোনার ৮৬-র সেই কীর্তি এবং তাদের গানগুলোর জন্য ফকল্যান্ড যুদ্ধের বীরদের স্মৃতি মনে করিয়ে দিলেও এটি ফকল্যান্ড বা মালভিনাস নিয়ে আলোচনা করার ক্ষেত্র নয়। মাঠে তাদের মূল মনোযোগ কেবল ফুটবলেই রাখা উচিত।

/এমএকে/