শিরোনাম

যুদ্ধের কারণে বাতিল হলো আর্জেন্টিনা-স্পেন ম্যাচ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
যুদ্ধের কারণে বাতিল হলো আর্জেন্টিনা-স্পেন ম্যাচ
ফিনালিস্সিমায় মুখোমুখি হওয়া হলো না মেসি-ইয়ামালের। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে ২০২৬ সালের ফিনালিস্সিমা ম্যাচটি বাতিল করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে উয়েফা।

২০২৪ এর চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা ২০২৪ এর চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হওয়ার কথা ছিল কাতারের দোহায় ২৭ মার্চ। ম্যাচটিতে প্রথমবারের মতো মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল এবং বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির।

তবে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের একে অপরের হামলা এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিরতা তৈরি হওয়ায় কাতারকে ম্যাচ আয়োজনের জন্য অনুপযুক্ত বলে বিবেচনা করা হয়েছে।

উয়েফা এক বিবৃতিতে জানায়, কাতারের আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে পরিকল্পনা অনুযায়ী সেখানে ফিনালিস্সিমার আয়োজন করা সম্ভব নয়।

উয়েফা, কনমেবল এবং স্থানীয় আয়োজক কমিটি বিকল্প তারিখ ও ভেন্যু খুঁজেছিল। মাদ্রিদ এবং বুয়েন্স আয়ার্সে ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা হয়, কিন্তু কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি।

পরবর্তীতে ইউরোপের কোনো নিরপেক্ষ ভেন্যুতে ২৭ মার্চ অথবা ৩০ মার্চ ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও সেটিও গ্রহণ করা হয়নি।

ফিনালিস্সিমার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে সবশেষ এই প্রতিযোগিতায় ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল।

এর আগে ১৯৯৩ সালে আর্জেন্টিনা পেনাল্টিতে ডেনমার্ককে হারিয়ে ট্রফি জিতেছিল। ১৯৮৫ সালে প্রথম আসরে ফ্রান্স উরুগুয়েকে হারিয়ে শিরোপা জেতে।

/টিই/