শিরোনাম

বিশ্বকাপ শুরুর আগেই রেকর্ড আর্জেন্টিনা-ব্রাজিলের

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ শুরুর আগেই রেকর্ড আর্জেন্টিনা-ব্রাজিলের
ফুটবল বিশ্বকাপ। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ এলে সবচেয়ে বেশি আলোচনায় থাক দুটি দেশ হলো আর্জেন্টিনা ও ব্রাজিল। আর্জেন্টিনা তিনবার, ব্রাজিল পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। এই দুটি দেশকে ঘিরে বিশ্বজুড়ে সমর্থকদের প্রত্যাশা থাকে তুঙ্গে। আসন্ন বিশ্বকাপ আসরও এর ব্যতিক্রম নয়। এবার টুর্নামেন্ট শুরুর আগেই ব্রাজিল ও আর্জেন্টিনা গড়েছে ভিন্ন এক রেকর্ড।

১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য রেকর্ডসংখ্যক ১৭০ জন ম্যাচ অফিশিয়ালের তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে সর্বোচ্চ ৯ জন করে প্রতিনিধি থাকছেন, যা এবারই প্রথম ঘটতে যাচ্ছে।

আর্জেন্টিনা থেকে তিনজন প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা হলেন- ফাকুন্দো তেল্লো, দারিও হেরেরা ও ইয়ায়েল ফ্যালকন পেরেজ। তাদের সঙ্গে থাকবেন কয়েকজন সহকারী রেফারি ও একজন ভিএআর কর্মকর্তা। ফাকুন্দো তেল্লো ২০২২ বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছিলেন।

ব্রাজিল থেকেও তিনজন প্রধান রেফারি থাকছেন। তারা হলেন- রামোন আবাত্তি আবেল, উইল্টন পেরেইরা সাম্পাইয়ো এবং রাফায়েল ক্লাউস। এছাড়া সহকারী ও ভিএআর মিলিয়ে আরও ব্রাজিলিয়ান অফিশিয়াল যুক্ত হয়েছেন।

আয়োজক দেশ যুক্তরাষ্ট্র থেকে ৮ জন এবং মেক্সিকো ও ফ্রান্স থেকে ৭ জন করে ম্যাচ অফিশিয়াল রয়েছেন। সব মিলিয়ে ৫০টি দেশের ৫২ জন প্রধান রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিএআর অফিশিয়াল নির্বাচিত হয়েছেন, যা আগের আসরের তুলনায় ৪১ জন বেশি। আছেন নারী রেফারিও।

এবারের ফুটবল বিশ্বকাপ আসরে ৪৮ দল অংশ নেবে এবং ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

/টিই/