শিরোনাম

এল ক্লাসিকো জিতেই শিরোপা উৎসব বার্সেলোনার

সিটিজেন স্পোর্টস ডেস্ক
এল ক্লাসিকো জিতেই শিরোপা উৎসব বার্সেলোনার
২৯তম বার লা লিগা শিরোপা জিতেছে বার্সেলোনা। ছবি: সংগৃহীত

এল ক্লাসিকোতে বার্সেলোনা ২-০ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগা শিরোপা নিশ্চিত করেছে। রবিবার রাতে ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হতো কাতালান ক্লাবটির। তবে ম্যাচ জেতার কথা বলেছিলেন বার্সা কোচ হান্সি ফ্লিক। পূর্ণ তিন পয়েন্ট নিয়েই শিরোপা উৎসবে মাতে দল।

ফ্লিকের অধীনে টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। এই জয়ের ফলে লিগের মাত্র তিন ম্যাচ বাকি থাকতেই টেবিলের শীর্ষে ১৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল বার্সা।

ক্যাম্প ন্যুতে ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে ফ্লিকের বাবার মৃত্যুর খবর আসে, তবে ফ্লিক সাইডলাইনে উপস্থিত ছিলেন। শোকের চিহ্ন হিসেবে উভয় দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরেছিলেন এবং কিক-অফের আগে এক মিনিট নীরবতা পালন করেন।

ম্যাচের ষষ্ঠ মিনিটে ডি-বক্সের একটু বাইরে তরেস ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় বার্সা, দারুণ বাঁকানো শটে রক্ষণ দেয়ালকে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেন মার্কাস র‌্যাশফোর্ড। ৯ মিনিট পর দ্বিতীয় গোল হজম করে রিয়াল মাদ্রিদ। রক্ষণের দুর্বলতার দায়ও আছে যথেষ্ট।

বাঁ দিক থেকে আসা ক্রস ডি-বক্সে রুডিগারের চ্যালেঞ্জ সামলে দারুণভাবে কাটব্যাক করেন দানি ওলমো, ফাঁকায় বল পেয়ে জোরাল শটে থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন ফেররান তরেস। টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন তিনি। এবারের লিগে স্প্যানিশ ফরোয়ার্ডের এটি ১৬তম গোল, মৌসুমে সব মিলিয়ে ২১টি।

লা লিগার ইতিহাসে মাত্র দ্বিতীয়বার এল ক্লাসিকোর ফলাফলের মাধ্যমে সরাসরি লিগ শিরোপা নির্ধারিত হলো। এর আগে ১৯৩২ সালে রিয়াল ২-২ ড্র করে শিরোপা নিশ্চিত করেছিল।

টানা তিন বছর লা লিগা জিততে ব্যর্থ হওয়ার পর, বার্সা এখন শেষ চার মৌসুমের মধ্যে তিনবারই শিরোপা জিতলো। এটি বার্সার ২৯তম লা লিগা জয়। ৩৬ শিরোপা জিতে তাদের উপরে আছে রিয়াল।

ফ্লিক দায়িত্ব নেওয়ার পর বার্সা এখন পর্যন্ত পাঁচটি ট্রফি জিতেছে। এর মধ্যে দুটি লা লিগা, দুটি স্প্যানিশ সুপারকোপা এবং গত বছরের কোপা দেল রে।

/টিই/