আ.লীগ হিডেন কনটেন্ট ক্রিয়েটরে পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আ.লীগ হিডেন কনটেন্ট ক্রিয়েটরে পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের লোকজন বাসে আগুন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি ভিডিও তৈরির জন্য এখন ছোটখাটো কনটেন্ট ক্রিয়েটরে পরিণত হয়েছে। খুব নিচু স্বরে ‘জয় বাংলা’ বলছে এবং এসব ভিডিও বিদেশে ছড়িয়ে দিচ্ছে। এটি এক ধরনের মেসেজিং কার্যক্রমে পরিণত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউয়ের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে মোটরসাইকেল র‍্যালি শুরুর আগে এ কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা একটি বিষয় নিশ্চিত করতে চাই, ৫ আগস্ট আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। এখন তারা যেসব কার্যক্রম চালাচ্ছে, সেগুলোর মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন তো দূরের কথা, বরং দলটি যে কতটা ফ্যাসিবাদী ও গণবিচ্ছিন্ন শক্তি, সেটিই বারবার প্রমাণিত হচ্ছে।

তিনি বলেন, উনি (শেখ হাসিনা) সারা জীবন বলে এসেছেন, পালিয়ে যাবেন না, পালিয়ে যাবেন না। কিন্তু শেষ পর্যন্ত চলে গেছেন। যিনি আসি আসি বলেও আসেন না, তিনি আসবেন না। তবে আমরা চাই, উনি ফিরে আসুক। ফিরে এলে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেন, এগুলো সব নাটক। জুলাইয়ের পর যে নাটক শুরু হয়েছে, এটিও তারই অংশ। নাটক কম করেন। মূলত আওয়ামী লীগের আদর্শে দীক্ষিত কিছু লোককে উজ্জীবিত করার জন্যই এসব নাটক করা হচ্ছে। কখনো তার জন্য বিমান পাঠানো হচ্ছে, কখনো গাড়ি পাঠানো হচ্ছে, আবার কখনো সীমান্তে খোঁজখবর নেওয়া হচ্ছে। এগুলো সবই নাটক।

তিনি বলেন, যদি তাকে (শেখ হাসিনা) আসতেই হয়, তাহলে সীমান্ত দিয়ে আসতে হবে। মাদক কারবারিরা যেভাবে সীমান্ত দিয়ে আসা-যাওয়ার পথ খোঁজে, সেভাবে আসার চেষ্টা করা হচ্ছে কিনা, সেসব বিষয়েও নানা তৎপরতা দেখা যাচ্ছে। কিন্তু দিনশেষে এসবই স্ট্যান্ডবাজি, মিডিয়া স্ট্যান্ডবাজি। সবচেয়ে বড় কথা, তিনি আসবেন না। আর যদি আসেন, তাহলে আমরা তাকে স্বাগত জানাব। বরং তার জন্য ফুল নিয়ে যাব। তিনি আসুক, বাংলাদেশের সব মানুষ গিয়ে তাকে ফাঁসির মঞ্চে পৌঁছে দেবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা শুনছি, সীমান্তের ওপার থেকে একদিন বিমান চাওয়া হচ্ছে, আরেকদিন গাড়ি চাওয়া হচ্ছে, আবার কখনো অন্য কিছু চাওয়া হচ্ছে। অথচ তিনি যখন দেশে ছিলেন, তখন বলতেন, ভারতকে যা দিয়েছেন, ভারত সারাজীবন তা মনে রাখবে। কিন্তু এখন ভারত তাকে একটি বিমান পর্যন্ত দিচ্ছে না। তাকে একরকম এক কাপড়ে বিদায় করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। মাঝখানে শুনেছি, বেলারুশসহ বিভিন্ন দেশে তাকে পাঠানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু কেউ এই ঝামেলার দায়িত্ব নিতে চাইছে না। আবার পাসপোর্ট নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে অন্য কোথাও যাওয়া যায়। কিন্তু সেটিও হচ্ছে না।

তিনি বলেন, সবকিছু মিলিয়ে কোনো উপায় না পেয়ে এখন বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার এক ধরনের চেষ্টা চলছে। এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। ভারতকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। তার বিরুদ্ধে যে বিচারের রায় হয়েছে, তা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আমাদের পাঁচ দফা দাবি আদায়েও সারা দেশে কর্মসূচি চলমান রয়েছে।

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক তারেক এ. আদেলসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসবি/