ইরানে নারী ফুটবল ম্যাচে পুরুষ দর্শক নিষিদ্ধ, ফিফার হস্তক্ষেপ দাবি

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
ইরানে নারী ফুটবল ম্যাচে পুরুষ দর্শক নিষিদ্ধ, ফিফার হস্তক্ষেপ দাবি
ইরানের নরী ফুটবল ম্যাচে পুরুষ প্রবেশ নিষিদ্ধ

ইরানের ফুটবল লিগ কর্তৃপক্ষের জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, নারীদের ফুটবল ম্যাচ আয়োজন করা স্টেডিয়ামে পুরুষ দর্শকদের উপস্থিতি নিষিদ্ধ। অক্টোবর মাসে জারি করা এ সিদ্ধান্তকে বৈষম্যমূলক উল্লেখ করে ফিফার হস্তক্ষেপ দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

মানবাধিকারকর্মী ও ফিফার দীর্ঘদিনের চাপে ২০২৩ সালের ডিসেম্বর থেকে ইরানে কিছু আন্তর্জাতিক বাছাইপর্বের ম্যাচ এবং গুরুত্বপূর্ণ পুরুষদের লিগ ম্যাচে সীমিতসংখ্যক নারী দর্শক প্রবেশের সুযোগ পাচ্ছেন।

এতদিন নিয়ম অনুযায়ী পুরুষদের প্রবেশের অনুমতি না থাকলেও কোচিং স্টাফ, ম্যাচ কর্মকর্তা, খেলোয়াড়দের পরিবারের সদস্য, সংবাদকর্মী এবং কারিগরি দলের সদস্যদের ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। পরবর্তী সময়ে কিছু ক্ষেত্রে সাধারণ দর্শকদেরও প্রবেশের সুযোগ দেওয়া হয়। নতুন নির্দেশনায় সেই ব্যতিক্রমগুলোর সুযোগও বাতিল করা হয়েছে।

ফিফার সংবিধানে লিঙ্গভিত্তিক বৈষম্য, বিশেষ করে স্টেডিয়ামে প্রবেশাধিকার থেকে কাউকে বঞ্চিত করা বা এ ক্ষেত্রে বাধা দেওয়াকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এমন বৈষম্যের জন্য সদস্য দেশ বা সংস্থার বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা বা বহিষ্কারের ব্যবস্থাও রয়েছে। ২০১৭ সালে ফিফা মানবাধিকার নীতি গ্রহণ করে ফুটবলের মাধ্যমে মানবাধিকার সুরক্ষায় কার্যকর প্রভাব প্রয়োগের অঙ্গীকার করেছিল।

এ অবস্থায় হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও স্পোর্ট অ্যান্ড রাইটস অ্যালায়েন্স ফিফাকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিজেদের নীতিমালা কার্যকর করার আহ্বান জানিয়েছে।

/টিই/