শিরোনাম

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন একিতিকে

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন একিতিকে
বিশ্বকাপ খেলা হচ্ছে না হুগো একিতিকের। ছবি: সংগৃহীত

গুরুতর চোটে পড়ায় ২০২৬ বিশ্বকাপে খেলা হচ্ছে না লিভারপুল ও ফ্রান্সের ফরোয়ার্ড হুগো একিতিকের। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে ফিরতি লেগে গেল মঙ্গলবার (১৪ এপ্রিল) লিভারপুলের হয়ে পিএসজির বিপক্ষে ম্যাচে চোট পান একিতিকে।

ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) বিবৃতিতে কোচ দিদিয়ের দেশম বলেন, ‘দুর্ভাগ্যবশত চোটের ধরন এতটাই গুরুতর যে একিতিকে লিভারপুলের হয়ে এই মৌসুম শেষ করতে পারবে না। এমনকি বিশ্বকাপে অংশ নেওয়াও তার পক্ষে সম্ভব নয়। অবশ্যই এই চোট তার জন্য বড় ধাক্কা, একই সঙ্গে ফ্রান্স জাতীয় দলের জন্যও।’

ফিরতি লেগ ম্যাচের প্রথমার্ধে ডান পায়ের নিচের অংশে চোট পেয়ে মাঠে লুটিয়ে পড়েন ২৩ বছর বয়সী একিতিকে। স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন। ধারণা করা হচ্ছে, তাঁর অ্যাকিলিস টেন্ডন মারাত্মকভাবে ছিঁড়ে গেছে।

অন্তত ৯ মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে বিশ্বকাপ।

লিভারপুলের হয়ে এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি ৬ গোল করিয়েছেন একিতিকে। ফ্রান্সের হয়ে ৮ ম্যাচে করেছেন ২ গোল, অ্যাসিস্ট ১টি।

/টিই/