শিরোনাম

অস্ট্রিয়া ম্যাচের আগে বড় ধাক্কা আর্জেন্টিনা শিবিরে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অস্ট্রিয়া ম্যাচের আগে বড় ধাক্কা আর্জেন্টিনা শিবিরে
কানসাস সিটিতে অনুশীলনে আর্জেন্টিনার খেলোয়াড়রা

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে বড় ধরনের ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা শিবির। ডান পায়ের পেশিতে চোটের কারণে পরবর্তী ম্যাচ থেকে ছিটকে গেছেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল। আলবিসেলেস্তেদের রক্ষণভাগের অন্যতম এ ভরসার ছিটকে যাওয়া আগামী ম্যাচের আগে কোচ লিওনেল স্কালোনির জন্য বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

মেডিকেল টিমের পরীক্ষা-নিরীক্ষা শেষে মন্তিয়েলের মাংসপেশির এ চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার বেশ কিছুদিন সময় লাগবে বলে জানানো হয়েছে। ফলে সোমবার (২২ জুন) অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এ রাইট-ব্যাকের খেলার কোনো সম্ভাবনা নেই। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মন্তিয়েলের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন নাহুয়েল মলিনা। এবার অস্ট্রিয়ার বিপক্ষে শুরু থেকেই মলিনাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি। রক্ষণভাগের ডান প্রান্ত সামলানোর মূল দায়িত্ব এখন তারই।

প্রথম ম্যাচে আলজেরিয়াকে হারিয়ে শুভসূচনা করলেও, উইনিং কম্বিনেশন ভেঙে অস্ট্রিয়ার বিপক্ষে একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে দল। মন্তিয়েলের জায়গায় মলিনা ছাড়াও রক্ষণভাগে ফিরতে পারেন ইনজুরি কাটিয়ে ওঠা নিকোলাস তাগলিয়াফিকো। এছাড়া আক্রমণভাগেও বড় রদবদলের আভাস রয়েছে। কৌশলগত কারণে থিয়াগো আলমাদা এবং লাউতারো মার্তিনেজের পরিবর্তে আসন্ন ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেতে পারেন নিকোলাস গঞ্জালেস এবং হুলিয়ান আলভারেজ।

/এমএকে/