শিরোনাম

নিরাপত্তা যাচাইয়ে মেক্সিকো যাচ্ছে ফিফা প্রতিনিধি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
নিরাপত্তা যাচাইয়ে মেক্সিকো যাচ্ছে ফিফা প্রতিনিধি
২০২৬ ফুটবল বিশ্বকাপ।

মেক্সিকোতে চলমান অস্থিরতায় দেশটিতে বিশ্বকাপ ম্যাচ আয়োজন নিয়ে প্রশ্ন উঠছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম জানিয়েছেন বৈশ্বিক আসরকে ঘিরে নিরাপত্তা ও যাতায়াত সংক্রান্ত বিষয়গুলো যাচাই করতে দেশটিতে শিগগিরই সফর করবেন ফিফার প্রতিনিধি দল।

গত রবিবার (২২ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর অভিযানে নিহত হন মেক্সিকোর প্রভাবশালী ড্রাগ লর্ড নেমেসিও ওসেগেরা। এরপর দেশটিতে ছড়িয়ে পড়ে সহিংসতা। তাতে বিশ্বকাপ আয়োজনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে শুরু হয় আলোচনা।

ওই অভিযান ও পরবর্তীতে তৈরি হওয়া অরাজকতায় ৭০ জন প্রাণ হারিয়েছে বলে খবর সংবাদমাধ্যমে।

তবে বিশ্বকাপ আয়োজন নিয়ে মেক্সিকোর ওপর এখনই ভরসা হারাচ্ছে না ফিফা। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম বলেন, ‘তিনি (ফিফা প্রেসিডেন্ট) আমাকে আশ্বস্ত করেছেন যে, বিশ্বকাপ আমাদের দেশেই হবে। কিছু বিষয় পর্যালোচনা করার জন্য ফিফার একটি দল আসবে। অবশ্যই এখানে আসার ব্যাপারে আমরা একমত হয়েছি।’

শেইনবাউম পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা বললেও, বাস্তবে গুয়াদালাহারায় নিরাপত্তা ঝুঁকি এখনও আছে।

আগামী ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। মেক্সিকোর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডায় হবে টুর্নামেন্টটি।

/টিই/