শিরোনাম

৫৫ হাজার টাকায় মিলবে বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৫৫ হাজার টাকায় মিলবে বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস
নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের ঘাস

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের রোমাঞ্চ এবার দর্শকদের ড্রয়িংরুমে পৌঁছে দেওয়ার অভিনব উদ্যোগ নিয়েছে ফিফা। ১৯ জুলাই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের মাঠের এক টুকরো ঘাস স্মারক হিসেবে বিক্রি করছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফুটবলপ্রেমীদের জন্য এই ঐতিহাসিক মুহূর্তটি ধরে রাখতেই মূলত এমন ব্যতিক্রমী সুযোগ করে দেওয়া হয়েছে।

ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে এই ঐতিহাসিক ঘাসের টুকরোগুলো ইতোমধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে। ঘাসগুলোকে সতেজ ও সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয়েছে বিশেষ রেজিনের স্বচ্ছ আবরণ। এর সর্বনিম্ন সংস্করণটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫৫ হাজার টাকারও বেশি। তবে কেবল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের ক্রেতারাই এই বিশেষ স্মারকটি কেনার সুযোগ পাবেন এবং ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরই এটি তাদের ঠিকানায় পাঠানো হবে। অ্যাক্রিলিকের তৈরি বিশেষ আবরণের ওপর খোদাই করা থাকবে ২০২৬ বিশ্বকাপের লোগো, ভেন্যুর নাম, তারিখ এবং ম্যাচের চূড়ান্ত ফলাফল। এর সঙ্গে থাকবে একটি ইউএসবি ড্রাইভ, যাতে থাকবে ঘাসটির আসল হওয়ার প্রমাণপত্র বা ‘অথেনটিসিটি ফিল্ম’।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘কিপ স্টাব’ এ স্মারকগুলো তৈরি করছে। তাদের ওয়েবসাইটে আরও তিনটি ভিন্ন সংস্করণের স্মারক পাওয়া যাচ্ছে, যেগুলোর দাম যথাক্রমে ৯০০, ১২০০ ও ৩০০০ ডলার। প্রতিটি সংস্করণের জন্য মাত্র ২০২৬টি টুকরো বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ সব কটি স্মারক যদি বিক্রি হয়ে যায়, তবে এ থেকে ফিফার আয় হবে ১ কোটি ১২ লাখ ডলারের বেশি। দামের ওপর ভিত্তি করে বদলে যাবে স্মারকটির প্যাকেজিং ও ভেতরে থাকা অন্যান্য উপহারের তালিকা। প্রথম তিনটি সংস্করণে ঘাসের টুকরার আকার হবে ২.৫ ইঞ্চি বাই ২.৫ ইঞ্চি বাই ২.৫ ইঞ্চি। তবে ৩০০০ ডলার মূল্যের ‘হিরো এডিশন’-এ মিলবে ৩ ইঞ্চি বাই ৩ ইঞ্চি বাই ৩ ইঞ্চির এক টুকরো ঘাস। এর সঙ্গে ক্রেতারা পাবেন সোনা দিয়ে খোদাই করা একটি ধাতব টিকিট, ফাইনাল ম্যাচের বলের একটি মিনি রেপ্লিকা এবং ক্রিস্টাল কাটের কাচ দিয়ে তৈরি একটি বিশ্বকাপ ট্রফি।

অবশ্য যে মাঠের ঘাস নিয়ে এত কাড়াকাড়ি, সেই মাঠের মান নিয়ে কিন্তু সমালোচনাও কম হয়নি। উত্তর ক্যারোলাইনার একটি ফার্ম থেকে এনে মে মাসের শুরুতে এই ঘাস বসানো হয়েছিল। কিন্তু টুর্নামেন্টের আগের রাউন্ডের ম্যাচগুলো খেলার পর ব্রাজিল ও ফ্রান্সের খেলোয়াড়েরা এই মাঠের তীব্র সমালোচনা করে জানান, মাঠটি বেশ শুষ্ক এবং এখানে স্বাভাবিক খেলা চালানো বেশ কঠিন। উল্লেখ্য, চলতি বিশ্বকাপে এটিই ফিফার একমাত্র দামি স্মারক নয়। এর আগে মে মাসে প্রতিটি আয়োজক শহরের জন্য ৩৭৫ ডলার মূল্যের সীমিত সংস্করণের জার্সি বাজারে এনেছিল তারা। প্রতিটি শহরের জন্য মাত্র ৯৯৯টি জার্সি তৈরি করা হলেও সেগুলো এখনো ফিফার ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

/এমএকে/