শিরোনাম

ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও হত্যার দাবি সম্বলিত ব্যান্যার-পোস্টার প্রদর্শন করেন শোকাহত ইরানিরা। এর জবাবে দেশটিকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১১ জুলাই) নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের জন্য ১০০০ ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। ইরান সরকার তার হুমকি বাস্তবায়ন করলে অবিলম্বে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে অর্থাৎ আমাকে গুপ্তহত্যা করে বা গুপ্তহত্যার চেষ্টা করা হলে এ পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ট্রাম্প।

এ বিষয়ে ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রয়োজনে সেই সময়সীমা আরও বাড়ানো যেতে পারে। তিনি বলেন, ‘ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ৮৬ বছর বয়সী খামেনি নিহত হন। দীর্ঘ চার মাস পর গত সপ্তাহে তার জানাজা ও দাফন সম্পন্ন করেছে ইরান।

এদিকে তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, ‘ওয়াশিংটন কোনো সমঝোতা থেকে সরে দাঁড়ালে আত্মরক্ষার জন্য ইরান সর্বদা প্রস্তুত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের দেশকে রক্ষা করার প্রস্তুতি কখনোই বন্ধ করিনি। আমেরিকানরা যেকোনো মুহূর্তে সমঝোতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে আমরা পূর্ণাঙ্গ প্রতিরক্ষার জন্য প্রস্তুত রয়েছি।’

গালিবাফ বলেন, ‘যুদ্ধের অবসান ঘটানো বিশ্বের দেশগুলোর জন্য একটি অগ্রাধিকার। কিন্তু সবার জানা উচিত, ইরানের আত্মসমর্পণের মাধ্যমে এই সংঘাতের কখনো অবসান হবে না।’

সূত্র: আল জাজিরা

/জেএইচ/