শিরোনাম

আহত সেই বাঘিনী সুন্দরবনে ফিরছে রবিবার

খুলনা সংবাদদাতা
খুলনা সংবাদদাতা
আহত সেই বাঘিনী সুন্দরবনে ফিরছে রবিবার
শিকারিদের ফাঁদে আটকা পড়ে গুরুতর আহত বাঘিনী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে

সুন্দরবনে হরিণ শিকারিদের ফাঁদে আটকা পড়ে গুরুতর আহত বাঘিনী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। এটিকে আবার বনে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে বন বিভাগ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে রবিবার (১১ জুলাই) তাকে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বর্তমানে বাঘিনীটি খুলনার বয়রায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে রয়েছে। সুন্দরবনের বাগেরহাটের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রসংলগ্ন বনাঞ্চলে একে অবমুক্ত করার কথা রয়েছে।

বাঘিনীটি প্রায় ৬ মাস ৫ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসা, ক্ষতস্থানে ড্রেসিং ও সার্বক্ষণিক পরিচর্যায় সুস্থ হয়ে উঠেছে। অবমুক্ত করার পর বন বিভাগ বাঘিনীটির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর জুলাইয়ে বাঘিনীটিকে অবমুক্ত করার পরিকল্পনা থাকলেও বিভিন্ন জটিলতায় স্যাটেলাইট কলার সংগ্রহ করা সম্ভব হয়নি। বিকল্প হিসেবে সম্ভাব্য বিচরণক্ষেত্রের প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে ২০টি ট্র্যাপ ক্যামেরা স্থাপন করেছে বন বিভাগ।

আহত সেই বাঘিনী সুন্দরবনে ফিরছে রবিবার 1
ট্র্যাপ ক্যামেরা স্থাপন করছেন বন বিভাগের কর্মীরা

গত ৩ জানুয়ারি সুন্দরবনের পূর্ব অংশের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারী ফরেস্ট টহল ফাঁড়ির আওতাধীন শরকির খালসংলগ্ন বনাঞ্চলে একটি বাঘিনী ফাঁদে আটকে পড়ার খবর পায় বন বিভাগ। পরদিন ৪ জানুয়ারি বাঘিনীটিকে চেতনানাশক প্রয়োগের পর ফাঁদ কেটে মুক্ত করা হয়। পরে লোহার খাঁচায় করে খুলনায় পুনর্বাসনকেন্দ্রে আনা হয়।

খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার জানান, ফাঁদ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে গিয়ে বাঘিনীটি গুরুতর আহত হয়েছিল। দড়ির আঘাতে তার সামনের বাঁ পায়ের প্রায় তিন ইঞ্চি অংশজুড়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়। এছাড়া চামড়া, পেশী ও টেন্ডন ক্ষতিগ্রস্ত হয়। অ্যান্টিবায়োটিক ও নিয়মিত ড্রেসিংয়ের ফলে মার্চের মধ্যেই ক্ষতটি অনেকাংশে সেরে যায়।

আহত সেই বাঘিনী সুন্দরবনে ফিরছে রবিবার 2
উদ্ধারের সময় বাঘিনীর বাঁ পায়ে ছিলো গভীর ক্ষত

তিনি বলেন, বাঘিনীটির আনুমানিক বয়স ১০ থেকে ১১ বছর। এখন সে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। তার ক্ষিপ্রতা ও গতি ফিরে এসেছে এবং সে আবার শিকার করতে সক্ষম। উদ্ধারের সময় তার অবস্থা খুবই খারাপ ছিল, তবে এখন তার শরীরের ওজনও স্বাভাবিক হয়েছে।

বাঘিনীটিকে অবমুক্ত করার সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে। শুক্রবার (১০ জুলাই) এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ছয় মাসের চিকিৎসা শেষে আহত বাঘিনীটি আগামী ১২ জুলাই, রোববার সুন্দরবনে ফিরবে।’

বন বিভাগের তথ্য অনুযায়ী, সুন্দরবনে বর্তমানে ১২৫টি বাঘ রয়েছে।

/এফসি/