শিরোনাম

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে সাইবার হামলা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে সাইবার হামলা
আর্জেন্টাইন সাংবাদিকের কাছে পাঠানো বার্তা (বাঁয়ে) ও মিসরের বিপক্ষে গোল করার পর লিওনেল মেসি (ডানে)। কোলাজ: সিজেডএন টোয়েনন্টিফোর

মিসরের বিপক্ষে বিতর্কিত ও নাটকীয় জয়ের পর এবার অফিশিয়াল ই-মেইল ফাঁসের ঘটনায় নতুন সংকটে পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে সংস্থাটি এ ঘটনাকে সাইবার হামলা হিসেবে দাবি করে জানিয়েছে, তাদের অনুমতি ছাড়াই প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট ব্যবহার করে বিভ্রান্তিকর মেইলগুলো ছড়ানো হয়েছে।


মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে প্রথমার্ধে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে জয় পায় আলবিসেলেস্তেরা। তবে ম্যাচ পরিচালনাকারী রেফারিদের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই তুমুল বিতর্ক শুরু হয়। মিসরের প্রধান কোচ হোসাম হাসানও ম্যাচ শেষে তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন। তিনি বলেন, বিশ্বচ্যাম্পিয়নদের টুর্নামেন্টে টিকিয়ে রাখতে রেফারিরা পক্ষপাতিত্ব করেছেন।

এ উত্তেজনার মধ্যেই আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা কায়ে’ এক প্রতিবেদনে দাবি করে, ম্যাচ শেষে এএফএর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে কয়েকজন সাংবাদিকের কাছে কিছু মেইল পাঠানো হয়। সেখানে উল্লেখ করা হয়, আর্জেন্টিনা প্রকৃত অর্থে ম্যাচটি জেতেনি এবং এই ফল ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের’ ফসল। একই সঙ্গে ওই মেইলে মিসরীয় ফুটবলারদের পারফরম্যান্সের প্রশংসাও করা হয়। সংবাদমাধ্যমটির দাবি, এএফএর অভ্যন্তরীণ সূত্রের তথ্য অনুযায়ী, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই সাইবার হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

বিষয়টি প্রকাশ্যে আসার পর এক আনুষ্ঠানিক বিবৃতিতে এএফএ জানায়, তাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে কিছু অননুমোদিত ই-মেইল পাঠানোর ঘটনা চিহ্নিত করা হয়েছে, যা তাদের কোনো কর্মী তৈরি করেনি। একই সঙ্গে বিভ্রান্তি এড়াতে এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাকাউন্ট থেকে পাঠানো যেকোনো সন্দেহজনক লিংক বা ফাইল এড়িয়ে চলার জন্য সবাইকে অনুরোধ করেছে সংস্থাটি। এই হ্যাকিংয়ের ঘটনার তদন্ত চলছে বলেও তারা নিশ্চিত করেছে। সব বিতর্ক পাশ কাটিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখা লিওনেল স্কালোনির দল রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।

/এমএকে/