শিরোনাম

কেপ ভার্দে ম্যাচে আর্জেন্টিনার একাদশে ৩ মধুর সমস্যা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
কেপ ভার্দে ম্যাচে আর্জেন্টিনার একাদশে ৩ মধুর সমস্যা
দল নির্বাচনে মধুর সমস্যায় লিওনেল স্কালোনি। ছবি: গোল ডটকম

গ্রুপ পর্বে শতভাগ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে আলবিসেলেস্তেরা মাঠে নামছে আসরের ‘সারপ্রাইজ প্যাকেজ’ কেপ ভার্দের বিপক্ষে। নকআউটের এ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রণকৌশল ও লাইন-আপ সাজাতে গিয়ে বেশ মধুর সমস্যায় পড়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, দলের গুরুত্বপূর্ণ তিনটি পজিশন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি কোচ।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে বেঞ্চের শক্তি পরখ করতে শুরুর একাদশে ৯টি পরিবর্তন এনেছিলেন স্কালোনি। তবে বাঁচা-মরার নকআউট পর্বে আর কোনো পরীক্ষা-নিরীক্ষার ঝুঁকি তিনি নেবেন না। জানা গেছে, অস্ট্রিয়ার বিপক্ষে খেলা দ্বিতীয় ম্যাচের মূল ছকেই ফিরছে আর্জেন্টিনা। নিয়মিত অধিনায়ক লিওনেল মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জর্ডান ম্যাচের ডাবল নাইন কৌশল ভেঙে দল ফিরছে চেনা ৪-৪-২ ফরমেশনে। তবে রক্ষণ ও আক্রমণের তিনটি পজিশনে কে সুযোগ পাবেন, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

স্কালোনির প্রথম ভাবনার জায়গাটি হলো বাঁ-দিকের রক্ষণভাগ। চোট কাটিয়ে নিয়মিত লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো দলে ফিরলেও, তার অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে নিজের দাবি জোরালো করে রেখেছেন ফাকুন্দো মেদিনা। কোচের প্রথম পছন্দ তাগলিয়াফিকো হলেও মেদিনার সাম্প্রতিক ফর্ম তাকে কিছুটা দ্বিধায় ফেলেছে। এছাড়া ডান হাঁটুর ইনজুরির কারণে ক্রিস্টিয়ান রোমেরোর খেলা নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তিনি যদি ম্যাচের আগে শতভাগ ফিট হতে না পারেন, তবে লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গী হিসেবে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির একাদশে ফেরা একপ্রকার নিশ্চিত।

সবচেয়ে বড় লড়াই চলছে আক্রমণভাগের সেন্ট্রার ফরোয়ার্ড পজিশনটি নিয়ে। জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ গোল পেয়ে দারুণ উজ্জীবিত লাউতারো মার্তিনেজ। তবে তাকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে রাখছেন হুলিয়ান আলভারেজ। সাম্প্রতিক গোলের কল্যাণে লাউতারো কিছুটা এগিয়ে থাকলেও ম্যাচ শুরুর শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে স্কালোনিকে। অবশ্য দলের বেশ কিছু পজিশন নিয়ে কোনো সংশয় নেই। গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্তিনেজ, রক্ষণে নাহুয়েল মলিনা এবং মধ্যমাঠে রদ্রিগো ডি পল, আলেক্সিস মাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদার জায়গা পুরোপুরি নিশ্চিত।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো বা নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো বা ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, আলেক্সিস মাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি এবং লাউতারো মার্তিনেজ বা হুলিয়ান আলভারেজ।

/এমএকে/