নতুন মাইলফলকে শচীনকে পেছনে ফেললেন রুট

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নতুন মাইলফলকে শচীনকে পেছনে ফেললেন রুট
ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট

আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ডের পর রেকর্ড গড়ে নিজের জাত চিনিয়ে চলেছেন জো রুট। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আরও একটি অভিজাত ক্লাবে নাম লেখালেন ইংল্যান্ডের এ তারকা ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ২৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

এই কীর্তি গড়তে রুট খেলেছেন ৫২১টি ইনিংস। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারকে। এই মাইলফলকে পৌঁছাতে টেন্ডুলকার খেলেছিলেন ৫২২ ইনিংস। তবে এই তালিকায় সবার ওপরে আছেন ভারতের বিরাট কোহলি, যিনি মাত্র ৪৯০ ইনিংসে ২৩ হাজার রান করে দ্রুততম ব্যাটারের রেকর্ড ধরে রেখেছেন।

অষ্টম ব্যাটার এবং প্রথম ইংরেজ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন রুট। এর আগে এ অভিজাত তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস।

টেস্ট ক্রিকেটে সম্প্রতি সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ড নিজের করে নেওয়ার পথেও শচীনকে পেছনে ফেলেছিলেন রুট। এবার তার মূল চোখ ভারতীয় ব্যাটিং গ্রেটের টেস্টে সর্বোচ্চ রানের পাহাড়সম রেকর্ডের দিকে। শচীনের ১৫,৯২১ রানের বিপরীতে রুটের বর্তমান সংগ্রহ ১৪,২৭৮ রান।

এই রেকর্ড নিজের করে নিতে তাকে করতে হবে আরও ১,৬৪৩ রান। এ ছাড়া শচীনের ঐতিহাসিক ২০০ টেস্ট খেলার কীর্তি ছুঁতে ইংলিশ এই ব্যাটারকে মাঠে নামতে হবে আরও ৩১টি ম্যাচ। যেভাবে ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভেঙে এগিয়ে চলেছেন রুট, তাতে ক্রিকেটের বড় এই মাইলফলকগুলো ছোঁয়াও তার জন্য অসম্ভব কিছু নয়।

/এমএকে/