এক বছরে সর্বোচ্চ শূন্য রানের রেকর্ড গড়লেন অভিষেক

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
এক বছরে সর্বোচ্চ শূন্য রানের রেকর্ড গড়লেন অভিষেক
ভারতীয় ওপেনার অভিষেক শর্মা

মাত্র কদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে চোখধাঁধানো দ্রুততম সেঞ্চুরি করা ভারতীয় ওপেনার অভিষেক শর্মা এখন আলোচনার কেন্দ্রে অন্য এক কারণে। জাপানের বিপক্ষে ৫ ওভারের সংক্ষিপ্ত ম্যাচে ব্যাটে নেমে প্রথম বলেই গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন এ ব্যাটার। আর তাতেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ১০ বার শূন্য রানে আউট হওয়ার লজ্জার রেকর্ড এখন তার একাই।

জাপানের বিপক্ষে ম্যাচে চারলি হারা-হিঞ্জের বলে থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক। এর আগে টি-টোয়েন্টির এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৯টি ডাক মারার রেকর্ডটি যৌথভাবে ছিল রশিদ খান (২০১৯), শাদাব খান (২০২৪) এবং অভিষেকের নিজের দখলে। তবে জাপান ম্যাচে নিজের দশম ডাক পূর্ণ করে তিনি বাকি সবাইকে পেছনে ফেলে এককভাবে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক হলেন।

অন্যদিকে, শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টির পঞ্জিকাবর্ষের হিসাবে তার সমকক্ষ হিসেবে রয়েছেন রুয়ান্ডার জ্যাপি বিমেনিমানা ও অর্চিডে টুইসেঙ্গে (২০২৩ সালে ৭টি করে) এবং পাকিস্তানের সায়েম আইয়ুব (২০২৫ সালে ৭টি)।

ব্যক্তিগতভাবে অভিষেকের জন্য দিনটি হতাশার হলেও, জাপানের বিপক্ষে ভারতীয় দলের সামগ্রিক পারফরম্যান্সও ছিল বেশ নড়বড়ে। জাপানের সানোতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫ ওভারে ৪ উইকেটে স্রেফ ৩২ রান তুলতে পারে ভারত। জবাবে ব্যাট করতে নেমে দারুণ লড়েছিল জাপান। তবে শেষ পর্যন্ত ৩ উইকেটে ৩০ রানের বেশি করতে পারেনি তারা। মাত্র ২ রানের আক্ষেপে পুড়ে ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটানোর খুব কাছাকাছি গিয়েও থামতে হয় স্বাগতিকদের।

ম্যাচটিতে ভারতের টপ অর্ডারের তিন ব্যাটার মিলে করতে পেরেছেন মোটে ১২ রান। এটি সহযোগী কোনো দেশের বিপক্ষে খেলা ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির মধ্যে ভারতের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে চলতি বছরই যুক্তরাষ্ট্রের বিপক্ষে সর্বনিম্ন ২১ রান করেছিল দলটি। আসন্ন এশিয়ান গেমস পুরুষ ক্রিকেটে অন্যতম ফেভারিট ও বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামার আগে জাপানের মতো দলের বিপক্ষে এ ধুকতে থাকা জয় ভারতের জন্য বড় এক হোঁচট খাওয়ার মতোই সতর্কবার্তা।

/এমএকে/