শিরোনাম

এক সড়কে ব্রাজিল-আর্জেন্টিনার ৪০০ পতাকা

চট্টগ্রাম সংবাদদাতা
এক সড়কে ব্রাজিল-আর্জেন্টিনার ৪০০ পতাকা
চট্টগ্রামের লোহগড়া উপজেলার এক সড়কে আর্জেন্টিনা ও ব্রাজিলের ৪ শতাধিক পতাকা

ফুটবল বিশ্বকাপের বাকি আছে আর মাত্র ৪ দিন। এর মধ্যেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে উত্তেজনা। সেই তালিকায় পিছিয়ে নেই বাংলাদেশও। কখনই বিশ্ব ফুটবলের মর্যাদাপূর্ণ আসরে অংশ নিতে না পারলেও ফুটবল নিয়ে বাংলাদেশের উন্মাদনার কথা জানে খোদ ফিফা (ফেডারেশন অব ফুটবল অ্যাসোসিয়েশন)।

এদিকে বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তে সড়কে, দোকানে, বাড়ির ছাঁদে, বড় থেকে ছোট যানবাহনে সর্বত্র দেখা মিলছে ব্রাজিল-আর্জেন্টিনাসহ প্রিয় দলের পতাকা।

তবে এর মধ্যে আলাদাভাবে নজর কেড়েছে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার এক সড়ক। প্রায় ৫০০ মিটার দীর্ঘ সড়কজুড়ে শোভা পাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনার ৪ শতাধিক পতাকা। ৩-৪ ফুট পরপর সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে এসব পতাকা। পথচারীরা এস পতাকা দেখতে ভিড় করছেন। কেউ কেউ ছবি তুলছেন, আবার অনেকেই ভিডিও ধারণ করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার তরুণরা এই উদ্যোগ নিলে প্রবাসীরা এতে অর্থায়ন করেন। এলাকায় ব্রাজিলের সমর্থক বেশি। তাই সড়কের দুই-তৃতীয়াংশ পতাকা ব্রাজিলের। বৈরিতা ভুলে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা দুই দেশের ৪০০ পতাকা টাঙিয়েছে। পতাকা চুরি ঠেকাতে সড়কে কয়েকটি সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হচ্ছে ফিফা বিশ্বকাপ-২০২৬। এবারই প্রথম ৪৮ দল নিয়ে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আসরে হেক্সা মিশনে আছে ব্রাজিল। অন্যদিকে চতুর্থবারের মতো ট্রফি হাতে তোলার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা।

/জেএইচ/