এশিয়ান গেমসে স্বর্ণ জেতার লক্ষ্য লিটনের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এশিয়ান গেমসে স্বর্ণ জেতার লক্ষ্য লিটনের
বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ব্যাটার লিটন দাস

এশিয়ান গেমসে নারীদের লড়াই শেষ হওয়ার পর এবার মাঠে নামার পালা বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের। আগামীকালই এশিয়ান গেমসের উদ্দেশে দেশ ছাড়বেন লিটন দাসরা। টুর্নামেন্টে যাওয়ার আগে অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, কেবল অংশগ্রহণ বা রানার্সআপ নয়, সোনা জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন বলেছেন, ‘অন্য সিরিজ খেলি ট্রফি জেতার জন্য। গেমসের মজা হলো গোল্ড মেডেল জেতা যায়। আমাদের দলের সবার টার্গেট সেরা হওয়া।’

ক্যারিয়ারে এই প্রথম এশিয়ান গেমসের আসরে অংশ নিতে যাচ্ছেন লিটন। জাতীয় দলের হয়ে নিয়মিত খেললেও এ মাল্টি-স্পোর্টস ইভেন্টের রোমাঞ্চটাই আলাদা বলে মনে করছেন তিনি। সমর্থকদের প্রত্যাশার চাপকেও বেশ ইতিবাচকভাবেই দেখছেন এ ব্যাটার। লিটন বলেন, ‘প্রত্যাশা তো সবাই করবে। আমিও তো প্রত্যাশা নিয়েই যাব। একটা জিনিস বলতে পারি, খেলোয়াড়দের এ টুর্নামেন্ট নিয়ে অনেক আগ্রহ। এমন টুর্নামেন্ট সবসময় আসে না, খুব কম হয়। সবাই তাই রোমাঞ্চিত।’

লিটন আরও যোগ করেন, ‘এই প্রথম আমি এশিয়ান গেমসে খেলব। জাতীয় দলকে তো সার্ভ করছিই, এরকম মঞ্চে খেলা এটাও বড় জিনিস। সবসময় আপনি ট্রফি জিতবেন, তবে এখানে জিতলে স্বর্ণের বিষয় থাকে। এটা একটা বড় স্বপ্ন। সব খেলোয়াড়ই এক্সাইটেড।’

এদিকে টুর্নামেন্টে নামার আগে নিজেদের প্রস্তুতি ভালোভাবে সেরে নিয়েছে দল। দলের খেলোয়াড়েরা নিজেদের মধ্যে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন। এটি বেশ কাজে দিয়েছে বলে মনে করেন অধিনায়ক। দলের প্রস্তুতি নিয়ে লিটন বলেন, ‘প্রস্তুতি খুব ভালো হয়েছে। দুইটা প্র্যাকটিস ম্যাচ খেললাম। টার্গেট একটাই, ফাইনাল খেলা, ফাইনাল জেতা।’

/এমএকে/