শিরোনাম

নামিবিয়াকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নামিবিয়াকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা
উদ্বোধনী জুটিতে দক্ষিণ আফ্রিকা তোলে ১৫০ রান

তিন ম্যাচের তিনটিতেই টস জয়। আগের দুই ম্যাচে রান তাড়ায় ব্যর্থ নামিবিয়া এবার বেছে নেয় আগে ব্যাটিং। কিন্তু চিত্র বদলায়নি। রবিবার (১৩ সেপ্টেম্বর) তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে ৯ উইকেটে। দ্বিতীয় সারির দল নিয়ে তিন ম্যাচের সিরিজটি প্রোটিয়ারা জিতলো ৩-০ ব্যবধানে।

নামিবিয়া ৩৬.২ ওভারে অলআউট হয় ১৫৬ রানে। জবাবে উদ্বোধনী জুটিতেই দক্ষিণ আফ্রিকা তোলে ১৫০। লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা ২২ ওভারের মধ্যে। ৬৮ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন কনর এস্তেরহুইজেন। চারটি চার ও তিনটি ছক্কা ছিল তার ইনিংসে।

ওয়ানডে অভিষেকে দেড়শ রানের ইনিংস দিয়ে সিরিজ শুরু করা জর্ডান হার্মান এবার করেন ৫৯ বলে ৭৭ রান। তার ইনিংসটি গড়া ১৩ চারে। মোট ২৪৭ রান করে তিনিই হন সিরিজ সেরা।

অবশ্য ম্যাচসেরা হন ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১০ ওভারে ৩৩ রানে ৪ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক বিয়ন ফোরটান।

এর আগে ব্যাটিংয়ে নেমে ১৯ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে ফেলে নামিবিয়া। সেই ধাক্কা সামলে তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন আলেকসান্ডার বিওজিং-ফুলশেংক ও লরেন স্টিনক্যাম্প। কিন্তু এই জুটি ভাঙার পর হুড়মুড় করে ভেঙে পড়ে নামিবিয়ার ব্যাটিং। ২ উইকেটে ৭২ থেকে তাদের স্কোর হয়ে যায় ৯ উইকেটে ১২৫!

নিয়মিত ক্রিকেটারদের অনেককে বিশ্রাম দিয়ে সফরে গিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর দুই সংস্করণ মিলিয়ে সাত ম্যাচের সবকটি জিতে সফর শেষ করলো দক্ষিণ আফ্রিকা।

/টিই/