টানা তৃতীয় দিন আলোকস্বল্পতায় আগেই খেলা শেষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
টানা তৃতীয় দিন আলোকস্বল্পতায় আগেই খেলা শেষ
দ্বিতীয় ইনিংসে মাত্র ১০ রান করেন নাজমুল হোসেন শান্ত

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টে টানা তৃতীয় দিন আলোকস্বল্পতায় নির্ধারিত ৯০ ওভার খেলা হলো না। মিরপুরে আজ শুক্রবার (৩০ অক্টোবর) খেলা হয়েছে মাত্র ৬৪.৫ ওভার। তাতে উইকেট পড়েছে ১২টি। দুই দল মিলে রান তুলেছে ১৯০।

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট ৭৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। দলের লিড এখন ১০৬ রান। চতুর্থ দিনে দ্রুতই বাংলাদেশকে অলআউটের লক্ষ্য থাকবে ক্যারিবীয়দের।

দ্বিতীয় ইনিংসে রানের খাতা খোলার আগেই শামার জোসেফের লেগ স্টাম্পের ফুল লেন্থের বল ফ্লিক করতে গিয়ে গালিতে ক্যাচ দেন তানজিদ হাসান তামিম (০)।

এরপর শান্ত-সাদমান জুটিতে বাংলাদেশের লিড ৫০ পেরোয়। ইনিংসের ১১তম ওভারে তিন বলের মধ্যে দুই উইকেট হারায় বাংলাদেশ। আগের ইনিংসে সেঞ্চুরি করা সাদমান ইসলাম বোল্ড হন ১৩ রান করে। এরপর তাওহীদ হৃদয় নেমে নিজের খেলা দ্বিতীয় বল হাওয়ায় ভাসিয়ে ক্যাচ আউট হন (০)।

মাঝে এক ওভার কোনো বিপদ ঘটেনি। এরপর চেজের শিকার হন নাজমুল হোসেন শান্ত (১০)। এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।

মুমিনুল হকের কানকাশন বদলি হিসেবে ব্যাটিংয়ে নামেন জাকের আলী অনিক। দলের খাতায় আর ১ রান যোগ হতেই মিরপুরে বৃষ্টি নামে। ফলে আগেভাগেই দেওয়া হয় চা-বিরতি। চা বিরতির পর মাঠে নেমেই নিজের উইকেট বিলিয়ে আসেন লিটন কুমার দাস (৪)। তিনি ওয়ারিক্যানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন।

মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। এসময় জাকের আলীর সঙ্গে জুটি গড়ার চেষ্টা চালান মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ডার মিরাজকে ব্যক্তিগত ৯ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান ওয়ারিক্যান। দিনের বাকিটা সামাল দেন জাকের ও নাঈম হাসান। তারা দুজনই ১৮ রানে অপরাজিত আছেন।

এর আগে ৪ উইকেটে ১৩৪ রানের পর আজ (শুক্রবার) তৃতীয় দিনে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথমে ফিফটি করেন তেজনারায়ণ চন্দরপল। ১৮৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন তিনি।

মধ্যাহ্নভোজের বিরতির আগে মোট ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। আর বিরতির বাংলাদেশ দল বেশিরভাগ ওভার করায় দুই অফস্পিনার দিয়ে। তারা ভাগাভাগি করে বাকি ৪ উইকেট তুলে নিলে ২৪৫ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। তাতে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা।

নাঈম হাসান ৩৩ রান দিয়ে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

/টিই/